Main Menu

বুস্টার ডোজ নিয়ে কঠোর বার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রায়েসিস বলেছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে কোভিড ১৯ ভ্যাকসিন বুস্টার (তৃতীয় ডোজ) বন্ধ করতে হবে। কারণ এতে ধনী ও গরিব দেশের টিকা বৈষম্য বাড়ছে।

অতি সংক্রামক করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে যখন পুরো বিশ্ব বিপর্যস্ত, তখন জাতিসংঘের এ স্থগিতাদেশ এখন পর্যন্ত সবচেয়ে ‘শক্তিশালী বিবৃত’ হিসেবে দেখা হচ্ছে।

টেড্রোস বলেন, আমি বুঝি সব সরকার তাদের জনগণকে রক্ষা করতে উদ্বিগ্ন। কিন্তু যেসব দেশ এরইমধ্যে বৈশ্বিক মজুতের তুলনায় ভ্যাকসিনের বেশি ব্যবহার করে ফেলেছে তাদের পক্ষ আমরা নিতে পারি না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, গত মে মাসে উচ্চ-আয়ের দেশগুলো প্রতি ১০০ জনের বিপরীতে ৫০ ডোজ ভ্যাকসিন প্রয়োগ করেছে। এই সংখ্যা এখন দ্বিগুণ হয়েছে। কিন্তু নিম্ন আয়ের দেশে ১০০ জনের বিপরীতে দেড় ডোজও ভ্যাকসিন জোটেনি। কেবল সরবরাহ ঘাটতির কারণে।

সংস্থাটির প্রধান বলেন, এখন উচ্চ আয়ের দেশে যাওয়া বেশি ভ্যাকসিন নিম্ন আয়ের দেশের সিংহভাগ মানুষের কাছে পৌঁছানো জরুরি।

বিশ্বব্যাপী ডেল্টা ধরনের বিস্তারে বিশ্বের কিছু দেশ ভ্যাকসিনের তৃতীয় ডোজ নেওয়া শুরু করেছে। অথচ বাড়তি ডোজের দরকার আছে কি না তা নিয়ে বিজ্ঞানীদের বিতর্ক রয়েছে।

গত সপ্তাহে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ করোনার বুস্টার ডোজ নিয়েছেন। এছাড়া তিনি ষাটোর্ধ্বদের এই বুস্টার নেওয়ার জন্য তাগিদ দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য নিয়ন্ত্রকরা বুস্টার ডোজের প্রয়োজনীয়তা এখনো মূল্যায়ন করছেন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ও সংক্রমণ বেড়েছে। এ সময় মারা গেছেন আরও ১০ হাজার ১০৫ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৩১ হাজার ২৯৯ জন।

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু ৪২ লাখ ৬৯ হাজার ৩০ জন এবং আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৯৩ লাখ ৫ হাজার ৬৮৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ কোটি ৯ লাখ ৫১ হাজার ৫০৭ জন।

 

Share





Related News

Comments are Closed