ফেসবুকে স্ট্যাটাস, এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: ফেসবুকে ‘মানহানিকর’ স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ সানি (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আরও তিন যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
সোমবার (২ আগস্ট) রাতে উপজেলার গোলান্দাইল বেড়িবাঁধ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত মোহাম্মদ সানি গোলাকান্দাইল বিজয়নগড় এলাকার মিল্লাত হোসেনের ছেলে।
মঙ্গলবার (৩ আগস্ট) সকালে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
স্থানীয়রা জানান, গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার মিছির আলীর ছেলে মাহফুজ ফেসবুকে মোহাম্মদ সানিকে নিয়ে একটি ‘মানহানিকর’ স্ট্যাটাস দেয়। এ নিয়ে তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ছাড়া আগে থেকেই মাহফুজদের সঙ্গে মোহাম্মদ সানির বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। রাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী সানি ও তার লোকজন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে গোলাকান্দাইল বেড়িবাঁধ এলাকায় মাহফুজকে খুঁজতে যায়।
এ সময় মাহফুজের ২ সহযোগীকে পেয়ে তাদেরকে নিজেদের জিম্মায় রাখে সানিসহ তার লোকজন। এরপর তারা ধারালো অস্ত্রের মহড়া দেয়। খবর পেয়ে মাহফুজ ও তার ভাই মাসুমসহ তাদের লোকজন সংগঠিত হয়ে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টা মহড়া দেয়। একপর্যায়ে মাহফুজ ও তার ভাই মাসুমসহ তাদের লোকজন সানিসহ তাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় দুই পক্ষ ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে।
একপর্যায়ে প্রতিপক্ষের সন্ত্রাসীরা সানিকে প্রকাশ্যে রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় হীরা, সায়েমসহ আরো তিনজনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আলামিনসহ দুই জনকে গ্রেপ্তার করেছে।
ঘটনাস্থলে যাওয়া ভুলতা ফাঁড়ির ইর্নচাজ ইন্সপেক্টর নাজিম উদ্দিন জানান, ফেসবুকে স্ট্যাটাস দেওয়া নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা করে সানি নামে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করে। তিনি জানান, ফেসবুকে কে কার বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছিলো তা খতিয়ে দেখা হচ্ছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed