Main Menu

করোনায় বাগবাড়ি নূরীয়া জামে মসজিদের ইমামের ইন্তেকাল

বৈশাখী নিউজ ডেস্ক: করোনায় আক্রান্ত সিলেট নগরীর বাগবাড়ি নূরীয়া জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা লুৎফুর রহমান নজিবী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার বেলা ১২ টা ৪০ মিনিটে নগরীর মাউন্ট এডোরা হসপিটালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্ত্রী ও ৩ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ভাই আব্দুর রহমান পারভেজ জানান, করোনায় আক্রান্ত হয়ে মাওলানা লুৎফুর রহমান নজিবী সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ১৮ দিন ধরে চিকিৎসাধীন ছিলেন। সর্বশেষ শনিবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই বেলা ১২টা ৪০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

মরহুমের প্রথম জানাযা তার কর্মস্থল বাগবাড়ি নূরীয় জামে মসজিদ প্রাঙ্গণে হওয়ার কথা থাকলেও সময় স্বল্পতায় তা সম্ভব হয়নি। তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণী বারহাল গ্রামে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

মাত্র ৪০ বছর বয়সে করোনার কাছে হেরে যাওয়া হাফিজ মাওলানা লুৎফুর রহমান নজিবী প্রায় ৩ বছর ধরে বাগবাড়ি নূরীয়া জামে মসজিদে ইমামতি করছিলেন। এর আগে তিনি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতি করেন। তার পিতা মৃত মাওলানা আজির উদ্দিনও এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব। ৪ ভাই এক বোনের মধ্যে মাওলানা লুৎফুর রহমান নজিবী ছিলেন সবার বড়। ইমামতি ছাড়াও তিনি প্রাথমিক চিকিৎসা বিষয়েও ডিগ্রী অর্জন করেন।

Share





Related News

Comments are Closed