Main Menu

সিলেটে নির্ভানা ইনের সুইমিংপুলে প্রাণ গেলো শিক্ষার্থীর

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইনের সুইমিংপুলে সাতার কাটতে গিয়ে এক শিক্ষার্থীর প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২৫ মে) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রৌদ্র নগরীর জিন্দাবাজার এলাকার মৃত প্রিয়লাল দত্ত ও রেখা রানী দত্ত দম্পতির একমাত্র ছেলে ও সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থি ছিল।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ। ঘটনার পর কোতোয়ালি থানাধীন লামাবাজার ফাঁড়ির একদল পুলিশ হোটেল নির্ভানা ইনে তদন্তের জন্য গেছেন বলে জানান তিনি।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে রৌদ্র ও তার কয়েকজন সহপাঠী হোটেল নির্ভানা ইনের সুইমিংপুলে সাতার কাটতে নামেন। কিছুক্ষণ পর রৌদ্রকে দেখতে না পেয়ে সহপাঠীরা ও হোটেলকর্মীরা খোঁজাখুঁজির পর তাকে সুইমিং পুলের পানির নিচে ডুবে থাকতে দেখেন। পরে রৌদ্রকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, এটি কোনো দুর্ঘটনা না অন্য কোনো বিষয় সেটি খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে হোটেল নির্ভানা ইনের সকল লাইসেন্স এবং কাগজপত্রও ঠিক আছে কি-না সেগুলোও তদন্ত করে দেখা হবে।

এদিকে, ঘটনার খবর পেয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান।

শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, বর্তমানে করোনা পরিস্থিতির মাঝে হোটেল নির্ভানা ইনে সুইমিংপুল চালু রাখা ঠিক হয়নি। এটি বিধিসম্মত নয়। তবে সে সাতার জানত কি না এ বিষয়ে তিনি ঠিক জানেন না।

তিনি আরো বলেন, রৌদ্র বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিল। পড়ালেখার বাইরে সংস্কৃতি ও বিতর্কসহ বিভিন্ন কার্যক্রমে তার অংশগ্রহণ ছিল।

 

Share





Related News

Comments are Closed