সিলেটে মানবপাচারকারী মহিলাসহ গ্রেফতার ৪
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ভারতে নিয়ে কিশোরীকে পতিতাবৃত্তিতে বাধ্য করা এবং পরবর্তীতে কিশোরীর আশ্রয়দাতাকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় সিলেটে মহিলাসহ চার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে-সুনামগঞ্জের দিরাই উপজেলার কাদিপুর গ্রামে শামীম আহমদের স্ত্রী রেবা বেগম ওরফে সুমি ওরফে মীম (৩০), সিলেট নগরীর বাদামবাগিচা এলাকার মো: সেলিম মিয়ার পুত্র মোঃ শাহেদ আহমদ (৩৩), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মাছিমপুর গ্রামের কাল মিয়ার পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (৩৩) ও নগরীর খাসদরীর লিচু বাগান এলাকার মৃত রফিক মিয়ার পুত্র ইমন আহমদ (৩২)।
শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি)-এর মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ জানায়, প্রায় চার বছর আগে যশোরের অভয়নগর থানার দিগলিয়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা ও বর্তমানে সিলেট নগরীর ঘাসিটুলায় তাহির মিয়ার গলিতে বসবাসরত এক কিশোরী ভিকটিমকে (১৬) বেড়াতে যাবার কথা বলে কৌশলে ভারতের চেন্নাইয়ে নিয়ে যায় তার এক প্রতিবেশী। সেখানে পতিতাবৃত্তির জন্য তাকে কৌশলে ভারতীয় লোকজনের কাছে বিক্রি করে দেয়। এরপর থেকে একটানা দুই বছর সেখানে সে পতিতাবৃত্তি করতে বাধ্য হয়। সেখানে থাকাকালে রেবা বেগম ওরফে মীম (৩০)-এর সাথে তার পরিচয় হয়। একপর্যায়ে বছর দুই আগে ভারতের এক লোকের সহায়তায় ভিকটিম চেন্নাই থেকে পালিয়ে কলকাতা হয়ে বাংলাদেশে আসে। রেবার সাথে ভিকটিমের ঘনিষ্ট সম্পর্ক থাকায় সে দেশে এসে সরল বিশ্বাসে তার সাথে তার গ্রামের বাড়ি চলে যায়। রেবা এই মর্মে তাকে আশ্বস্ত করে যে, সে তাকে তার গ্রামের বাড়ি পৌঁছে দেবে। কিন্তু, রেবা কৌশলে তাকে গ্রামের বাড়ি থেকে সিলেট নগরীর বাদামবাগিচায় একটি বাসায় নিয়ে আসে। ওই বাসায় শারীরিক ও মানসিক নির্যাতন করে ভিকটিমকে পতিতাবৃত্তিতে বাধ্য করে রেবা। নির্যাতন সহ্য করতে না পেরে চলতি বছরের ৮ ফেব্রয়ারি ভিকটিম লিচুবাগান হতে নগরীর হাউজিং এস্টেট এলাকায় চলে আসে। এরপর জনৈক সিএনজি অটোরিক্সা চালকের সহায়তায় ঘাসিটুলা এলাকায় ফরহাদ আহমদ(২৬) নামের এক ব্যক্তির বাসায় তার আশ্রয় হয়। তাকে আশ্রয় দেবার জের ধরে গত ২০ মে ফরহাদকে অপহরণ করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। তার স্ত্রী ৬ হাজার টাকা যোগাড় করে ৫নং বিবাদী মিশু আহমদের কাছে ৬ হাজার টাকা মুক্তিপণ দেয়। অবশিষ্ট টাকা পরে দেয়ার শর্তে ফরহাদের কথাবার্তা মোবাইল ফোনে রেকর্ড করে তাকে ছেড়ে দেয়। রেবা বেগমের হুকুমে আসামীরা ফরহাদকে অপহরণ করে তার কাছ থেকে মুক্তিপণ আদায় ও ভয়-ভীতি প্রদর্শন করে। খবর পেয়ে পুলিশ চার আসামীকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে ভিকটিম মানবপাচার আইনে এবং ফরহাদ আহমদ মুক্তিপণ আদায়ের বিষয়ে অপর একটি মামলা করেছেন।
এয়ারপোর্ট থানার ডিউটি অফিসার এস আই সাদেক জানান, আসামীদের শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed