Main Menu

দোয়ারাবাজারে খেয়া নৌকা ডুবে যুবক নিখোঁজ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা নদীতে খেয়া নৌকা ডুবে এক যুবক নিখোঁজ হয়েছে । শুক্রবার (২৩ এপ্রিল) বিকালে উপজেলার সুরমা ইউনিয়নের নূরপুর খেয়া ঘাটে এ নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজ যুবকের নাম শীতেশ রঞ্জন দাশ কদম (৩৪)। তিনি উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের বাসিন্দা মৃত রসিক লাল দাশের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল তিনটার দিকে উজান থেকে দু’টি বলগেট ধেয়ে আসে। এসময় একটি বলগেটের ধাক্কায় ইঞ্জিন চালিত যাত্রীবাহী খেয়া নৌকাটি ঘটনাস্থলেই ভেঙ্গে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা নৌকায় থাকা যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হলেও ওই যুবক এখনো নিখোঁজ রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আলী নূর জানান, ঘটনাস্থল থেকে চালকসহ দুটি বলগেট আটক করে দোয়ারাবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত দু’জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়ে বলগেট ও চালককে থানায় আনা হয়েছে।

এদিকে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সহকারি পরিচালক শফিকুল ইসলাম ভূঁঞা জানান, ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল সন্ধ্যা পর্যন্ত অনুসন্ধান চালিয়ে নিখোঁজ যুবকের কোনো সন্ধান পায়নি । আজ শনিবার ভোরে তারা আবারও অনুসন্ধানে নামবে।

Share





Related News

Comments are Closed