Main Menu

সিলেটে আতশবাজির আগুনে পুড়লো ৪টি ঘর

বৈশাখী নিউজ ডেস্ক: শবে বরাতের রাতে সিলেটে আতশবাজির আগুনে চারটি ঘর ভস্মিভূত হয়েছে। সোমবার (২৯ মার্চ) রাত সাডে ৭টার দিকে সিলেট নগরের দক্ষিণ সুরমার ২৫ নম্বর ওয়ার্ডের কায়েস্থরাইল এলাকার আকিল শাহ্ মাজার রোডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কায়েস্থারাইল এলাকার লন্ডন প্রবাসী মাহবুবুর রহমানের একটি ভাড়াটে বাসার চারটি টিনসেড ঘরের দুইটিতে প্রবাসী পরিবার ভাড়াটে হিসেবে বসবাস করতেন। শবে বরাতের রাতে ফুলঝরি ও আতশবাজি দিয়ে শিশুরা খেলা করছিল। হঠাৎ করে বাসায় আগুন দেখতে পান প্রতিবেশীরা। আগুন দেখে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস থেকে দমকল বাহিনীর কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রেণে আনে। তবে এর আগেই আধাপাকা বাসার চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শবে বরাতের আতশবাজি থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

দক্ষিণ সুরমা থানার সেকেন্ড অফিসার যতন চন্দ্র পাল বলেন, শবে বরাতের রাতে শিশু-কিশোর, এমনকি বড়দের মাঝেও তারাবাতি (ফুলঝুরি) জ্বালানোর প্রথা রয়েছে। এভাবেই সম্ভবত কোনো বাচ্চা তারাবাতি জ্বালিয়ে ওই ঘরের টিনের চালায় ছুড়ে মারে। কিছুক্ষণ পর চালায় জমে থাকা গাছের শুকনো পাতায় আগুন লেগে ওই ঘরে দ্রুত ছড়িয়ে পড়ে। পরে চারটি কক্ষের সব আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানাই ও একদল পুলিশ ঘটনাস্থলে পাঠাই।

তিনি আরো বলেন, শবে বরাতের রাতে কোনো ধরনের আতশবাজি বা তারাবাতি জ্বালানো আইনত দণ্ডনীয় অপরাধ।

Share





Related News

Comments are Closed