Main Menu

কুকুরের মেজাজ-মর্জি জানাবে যন্ত্র!

প্রযুক্তি ডেস্ক: আরও ভালো করে বুঝতে চান প্রিয় প্রাণী কুকুরের আবেগ-অনুভূতি ও মেজাজ-মর্জি? প্রযুক্তির সাহায্যে এখন এমন সুযোগই পাবেন আপনি। দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠান কুকুরের ডাক বিশ্লেষণ করে জানাবে প্রাণীটির পাঁচ ধরনের আবেগের বিস্তারিত তথ্য। এজন্য পোষা প্রাণীটির গলায় পরিয়ে দিতে হবে একটি স্মার্ট চেইন।

কুকুরের গলায় এই বিশেষ ধরনের বেল্ট পরিয়ে দিলেই জানা যাবে তাদের অনুভূতি ও মেজাজের হালচাল। এতে বিশ্বস্ত এই পোষা প্রাণীটির সঙ্গে মানুষের সখ্যতা আরও বাড়বে বলে আশা উদ্ভাবক প্রতিষ্ঠান পেটপুলস- এর।

পেটপুলস ল্যাবের বৈশ্বিক বিপণন পরিচালক অ্যান্ড্রু গিল জানান, পেটপুলস কুকুরের কণ্ঠস্বর বিশ্লেষণ করে আপনাকে এমন কিছু তথ্য দিবে, যা মানুষ বুঝতে পারবে। আর শুধু বুঝতে পারাই নয়, এই যন্ত্র দিয়ে মানুষ তার পোষা কুকুরটির সঙ্গে আরো ভালোভবে মনের ভাব আদান-প্রদান করতে পারবে।

দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান পেটপুলস ২০১৭ সালে আবেগ অনুভূতি বিশ্লেষণের জন্য কুকুরের ডাকের নমুনা সংগ্রহ শুরু করে। তিন বছর পর ৫০ প্রজাতির কুকুর থেকে সংগ্রহ করা ১০ হাজারের বেশি নমুনা পরীক্ষা-নিরীক্ষা করে একটি অ্যালগরিদম তৈরির মাধ্যমে যন্ত্রটি বাজারজাত করতে সমর্থ হয় প্রতিষ্ঠানটি।

অ্যান্ড্রু গিল আরও বলেন, যখন কুকুর ডাকতে শুরু করবে তখনই যন্ত্রটি সেই ডাক সংগ্রহ করে আমাদের মূল সার্ভারে পাঠাবে। সেখানে কণ্ঠস্বর শনাক্ত করার প্রযুক্তি, অ্যালগরিদমের মাধ্যমে সেই ডাক যাচাই-বাছাই করবে। তারপর স্বল্প সময়ের মধ্যেই কুকুরের মালিকের স্মার্টফোনে থাকা অ্যাপটিতে চলে যাবে পোষা প্রাণীটির বিভিন্ন অনুভূতির তথ্য।

গেলো বছরের অক্টোবরে অনলাইনে এই যন্ত্রটি বাজারে ছাড়া হয়। অবাক করা এই যন্ত্রটি কিনতে খরচ পড়বে মাত্র ৯৯ মার্কিন ডলার!

সূত্র : রয়টার্স।

Share





Related News

Comments are Closed