Main Menu

মাধ্যমিকে অনলাইনে ভর্তির আবেদন শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে আবেদন নেওয়া শুরু হয়। আগামী ২৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। ৩০ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।

করোনা পরিস্থিতিতে এ বছর বিদ্যালয় থেকে ভর্তি ফরম বিতরণ করা হবে না। শুধু gsa.teletalk.com.bd এই ঠিকানায় প্রবেশ করে ভর্তির আবেদন করা যাবে।

এদিকে বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থিত সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন এবং এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদনপত্র পূরণ ও ফি প্রদান করা সংক্রান্ত নিয়মাবলি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

গত সোমবার (১৪ ডিসেম্বর) মাউশির উপপরিচালক (কলেজ-২) মো. এনামুল হক হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়মাবলি প্রকাশ করা হয়।

ভর্তির আদেশে বলা হয়েছে, ঢাকা মহানগরীর ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় তিনটি গ্রুপে বিভক্ত থাকবে। আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গ্রুপে পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ পাঁচটি স্কুল নির্বাচন করতে পারবেন।

এ ছাড়া সারাদেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবেন। তখন প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে পছন্দক্রম অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবেন।

আবেদন নেওয়ার পর অনলাইনের মাধ্যমে লটারিতে একজন শিক্ষার্থীকে একটি বিদ্যালয় নির্বাচন করে দেওয়া হবে। এত দিন একজন শিক্ষার্থী একটি গ্রুপের একটি বিদ্যালয়কে বেছে নেওয়ার সুযোগ পেতেন।

ভর্তির আবেদন করতে ১১০ টাকা ফি শুধু টেলিটকের প্রিপেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করা যাবে।

Share





Related News

Comments are Closed