Main Menu

গোলাপগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ পৌর এলাকা থেকে ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দুই ভাইকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জেলা গোয়েন্দা শাখা দক্ষিন জোনের অফিসার ইনচার্জ আশীষ কুমার মৈত্রের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভাস্থ রণখেলি গ্রাম থেকে তাদের আটক করে।

আটক দু’জন হলো- গোলাপগঞ্জ পৌরসভাস্থ ৭ নং ওয়ার্ডের রণখেলি (উত্তর) গ্রামের মৃত আতাউর রহমানের দুই ছেলে আয়লফ আহমেদ (৪৫) ও তার বড় ভাই লসর আহমেদ (৪৯)।

তারা দুজন সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে ইয়াবা সংগ্রহ করে গোলাপগঞ্জের বিভিন্ন স্থানে বিক্রয় করতো বলে জানিয়েছে পুলিশ।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা দক্ষিণ জোনের এসআই শহিদুল ইসলামের দাখিলকৃত এজাহারের ভিত্তিতে গোলাপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেট জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান জানান, মাদক উদ্ধারের ব্যাপারে সিলেট জেলা পুলিশ কঠোর নীতি অনুসরণ করে আসছে। জেলা পুলিশ কর্তৃক মাদক উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। এছাড়া মাদক উদ্ধারের ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

 

Share





Related News

Comments are Closed