কবি দিলওয়ারের ৭ম মৃত্যুবার্ষিক আজ
বৈশাখী নিউজ ডেস্ক: একুশে পদক প্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ারের ৭ম মৃত্যুবার্ষিক আজ ১০ অক্টোবর শনিবার। ২০১৩ সালের এইদিনে তিনি তাঁর নিজ বাস ভবন সিলেট নগরীর ভার্থখলার ‘খান মঞ্জিলে’ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কবি দিলওয়ার সিলেট নগরীর ভার্থখলার খান মঞ্জিলে ১৯৩৭ সালে ১ জানুয়ারী জন্মগ্রহণ করেন। তার পুরো নাম দিলওয়ার খান। তার পিতা মরহুম মৌলভী মোহাম্মদ হাসান খান এবং মাতা মরহুমা মোসাম্মৎ রহিমুন্নেসা। ঝালোপাড়া পাঠশালা সিলেট থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে রাজা জি.সি. হাইস্কুল, সিলেট থেকে মেট্রিকুলেশন পাশ করেন ১৯৫২ সালে। ১৯৫৪ সালে এমসি কলেজ সিলেট থেকে আইএ পাশ করার পর শারীরিক অসুস্থতার জন্য একাডেমিক পড়াশুনার ইতি টানেন।
সিলেট দক্ষিণ সুরমা হাইস্কুলের শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি সাংবাদিকতায় আত্মনিয়োগ করেন। ১৯৬৭ থেকে ১৯৬৯ দৈনিক সংবাদের সহকারী সম্পাদক, এবং ১৯৬৯-১৯৭১ পর্যন্ত সমস্বর পত্রিকা সম্পাদনা করেন, ১৯৭৩-১৯৭৪ দৈনিক গণকন্ঠের সহকারী সম্পাদক, ১৯৭৪-এ মাসিক উদয়নের সিনিয়র ট্রান্সলেটর হিসেবে কাজ করেন।
তার রচিত ‘তুমি রহমতের নদীয়া’ তাঁর রচিত গান দিয়ে সিলেট বেতার কেন্দ্র উদ্বোধন করা হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার-এর প্রতিষ্ঠাতা আহবায়ক, সিলেট খেলাঘর-এর প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি, এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সফল গীতিকার, অবিধায় চিরস্মরণীয় হয়ে আছেন গণমানুষের কবি দিলওয়ার।
অতিতরুণ বয়সে ১৯৫৩ সালে বের হয় কবির প্রথম কাব্যগ্রন্থ ‘জিজ্ঞাসা’। কবিতা ‘সাইফুল্লাহ হে নজরুল’ তাঁর প্রথম প্রকাশিত রচনা যা প্রকাশ হয় দৈনিক যুগভেরীতে ১৯৪৮/৪৯ সালে। তাঁর ১২টি কাব্যগ্রন্থ, ২টি গানের বই; ২টি প্রবন্ধ গ্রন্থ, ২টি ছড়ার বই, দিলওয়ার রচনা সমগ্র ১ম খন্ড, দিলওয়ার রচনা সমগ্র ২য় খন্ড, ভারত-বাংলাদেশ মৈত্রীর ডাকে (সংবর্ধনা স্মৃতিচারণ-২০০১) বিভিন্ন সময় প্রকাশ হয়। মৃত্যুর পূর্ব পর্যন্ত ষাটোর্ধকাল কবি দিলওয়ার অসংখ্য লেখা লিখেছেন।
বাংলাভাষা ও সাহিত্যে কবিতার ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতিস্বরূপ কবি দিলওয়ার একুশে পদক, বাংলা একাডেমী পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন।
আজ কবি’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির পরিবার ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কবির সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন জানাবে। এছাড়া দোয়া, প্রার্থনা ও স্মরণসভার উদ্যোগ নেয়া হয়েছে।
Related News
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More
জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্রRead More



Comments are Closed