Main Menu

‘ভাইরাসের চেয়ে স্কুল বন্ধ শিশুদের জন্য বেশি ক্ষতিকর’

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হলে শিশুরা যতটা ক্ষতিগ্রস্ত হবে; স্কুলে না গেলে তার চেয়ে অনেক বেশি ক্ষতি হবে বলে মনে করেন ইংল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা ‍অধ্যাপক ক্রিস হুইটি। তিনি বলছেন, ‘‘কোভিড-১৯ এ আক্রান্ত শিশুদের মৃত্যুর আশঙ্কা অবিশ্বাস্য রকম কম। কিন্তু স্কুলে না যাওয়ার কারণে দীর্ঘমেয়াদে তারা শরীরিক ও মানসিক ক্ষতির শিকার হবে।”

যুক্তরাজ্য করোনা ভাইরাস মহামারিতে ইউরোপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের একটি। সেখানে প্রায় সাড়ে ৩ লাখ মানুষ এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। মারা গেছেন প্রায় ৪৭ হাজার জন। ভাইরাসের বিস্তার রোধে অন্যান্য দেশের মত সেখানেও সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

দেশটিতে পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনাও শুরু হয়েছে। ইংল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডের লাখ লাখ শিশু সেপ্টেম্বরে স্কুলে ফেরার অপেক্ষায় আছে। বিবিসি জানাচ্ছে, সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডে সব বয়সের, সব বর্ষের এবং সব গ্রুপের শিক্ষার্থীদের ‘ফুল-টাইম’ ক্লাস শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। স্কটল্যান্ডে এরই মধ্যে স্কুল খুলে গেছে।

অধ্যাপক হুইটি বলেন, ‘‘কোভিড-১৯ এর চ্যালেঞ্জ অন্তত আরও নয় মাস আমাদেরকে মোকাবেলা করতে হবে। সম্ভবত ২০২০ সালের মধ্যে কোনও টিকা পাওয়া যাবে না। যদিও আগামী শীতের আগে (২০২১-২২) একটি কার্যকর টিকা পাওয়ার জোর সম্ভাবনা আছে।”

যেহেতু কোভিড-১৯ এর কোনো কার্যকর টিকা এখনও হাতে পাওয়া যায়নি তাই এখন পর্যন্ত ‘ঝুঁকি মুক্ত কোনো পথ’ নেই। যুক্তরাজ্যের চিকিৎসা কর্মকর্তারা তাই অভিভাবক ও শিক্ষকদের স্কুল খোলার ঝুঁকি এবং লাভ উভয়ের গুরুত্ব বোঝার পরামর্শ দিয়েছেন।

ব্রিটিশ সরকারের চিকিৎসা উপদেষ্টা অধ্যাপক হুইটি বলেন, ‘‘শিশুরা স্কুলে যাওয়ার চেয়ে স্কুলে না যাওয়ার কারণে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া যুক্তরাজ্যসহ সারা বিশ্বেই এখন একটি বিষয় স্পষ্ট। তা হল, শিশুরা কোভিড-১৯ এ আক্রান্ত হলেও গুরুতর অসুস্থ হচ্ছে না বা তাদের খুব একটা হাসপাতালে যেতে হচ্ছে না।”

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দিনের পর দিন স্কুলে না যাওয়ায় শিশুদের দীর্ঘ মেয়াদে শারীরিক ও মানসিক অসুস্থতায় ভোগার ঝুঁকি অনেক বেশি।

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অধিদপ্তরের সর্বশেষ তথ্যানুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসে মার্চ থেকে জুন পর্যন্ত ১৯ বছরের কম বয়সের ১০ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছে। ২০ বা তার অধিক বয়সে মোট মৃত্যু ৪৬ হাজার ৭২৫।

ইংল্যান্ডে ১০ ‍লাখের বেশি শিশু জুন মাস থেকে প্রি-স্কুল বা স্কুলে যাচ্ছে। এখন পর্যন্ত ৭০টি শিশু এবং ১২৮ জন কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে ৩০ জায়গায় স্কুলের কর্মীদের মাধ্যমে শিক্ষার্থী বা অন্য কর্মীরা আক্রান্ত হয়েছেন। মাত্র দুই জায়গায় শিক্ষার্থীর মাধ্যমে স্কুলে অন্যরা আক্রান্ত হন। পাবলিক হেল্থ ইংল্যান্ডের (পিএইচই) ২৩ আগস্ট রবিবার প্রকাশিত নতুন এক গবেষণায় এ তথ্য তুলে ধরা হয়েছে।

অধ্যাপক হুইটি বলেন, ‘‘সারা বিশ্বে এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে যে কয়টি শিশু মারা গেছে তাদের প্রায় সবাই আগে থেকে কোনও না কোনও জটিল রোগে ভুগছিল।”

Share





Related News

Comments are Closed