Main Menu

জকিগঞ্জে ৬০০০ পিস ইয়াবাসহ আটক ৫

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাম্প্রতিককালে সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বেড়েছে ইয়াবার চোরাচালান। মাদক ব্যবসায়ীরা এই সীমান্তকে ইয়াবা পাচারের নতুন রুট হিসেবে ব্যবহার করছে বলে জানিয়ে আসছিলেন আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তরা। সীমান্তবর্তী এই উপজেলা থেকে বিভিন্ন সময় উদ্ধার করা হয়েছে ইয়াবার বড় চালান।

এরই ধারাবাহিকতায় বুধবার রাতে জকিগঞ্জ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এসময় ইয়াবা পাচার ও ব্যবসার সাথে জড়িত থাকার অভিযেযাগে মা-মেয়েসহ ৫ জনকে আটকও করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১ টায় জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে অভিযানে ইয়াবাসহ এই ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে- জকিগঞ্জের সুলতানপুর গ্রামের মৃত আফতার আলীর ছেলে আবদুস শহীদ, উত্তর আইওর গ্রামের মাদকব্যবসায়ী নজরুল ইসলামের স্ত্রী ফাতেহা বেগম, মেয়ে নুসরাত বেগম এবং একই গ্রামের আবদুল মোমিনের ছেলে রাসেল আহমদ ও মৃত খলিলুর রহমানের ছেলে কিবরিয়া।

জানা যায়, পুলিশের অভিযানে উপজেলার কসকনকপুর এলাকা থেকে সুলতানপুর গ্রামের মৃত আফতার আলীর পুত্র আব্দুস শহিদ (৩৩) নামের এক ব্যাক্তিকে আটক করে তার দেহ তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবা ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়িতে আরও ইয়াবা রাখা আছে জানালে তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ২ টায় ওই এলাকায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত নজরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে জকিগঞ্জ থানা পুলিশ।

এ অভিযানে নজরুল ইসলামের স্ত্রী ফাতেহা বেগম, মেয়ে নুসরাত বেগম ও একই গ্রামের আব্দুল মোমিনের পুত্র রাসেল আহমদ, মৃত খলিলুর রহমানের পুত্র কিবরিয়াকে আটক করা হয়। অভিযানে আরও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রি করে সংগৃহীত নগদ ৩৪ হাজার টাকা জব্দ করা হয়।

সিলেট জেলা পুলিশের গণমাধ্যম মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে পৃথক আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

Share





Related News

Comments are Closed