Main Menu

জাফলং গ্রীণপার্ক থেকে যুবকের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকা থেকে সাদ্দাম হোসেন (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো চাকুও উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার জাফলং বন বিভাগের গ্রীণ পার্ক এলাকা থেকে পুলিশ তার লাশটি উদ্ধার করে।

নিহত সাদ্দাম স্থানীয় কালিনগর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে এবং জাফলং পর্যটন এলাকার ট্যুরিস্ট গাইড সমিতির সদস্য।

নিহত যুবকের খালাতো ভাই জাফলং ট্যুরিস্ট গাইড ও স্টুডিও মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জানান, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে নাস্তা শেষে সাড়ে ৮টার দিকে ক্যামেরা নিয়ে পর্যটকদের ছবি তোলার জন্য পর্যটন কেন্দ্র সংগ্রাম বিজিবি ক্যাম্প এলাকার উদ্দেশ্যে সাদ্দাম বাড়ি থেকে বের হয়। পরে বিকেলে জাফলং বন বিটের গ্রীণপার্ক এলাকায় স্থানীয় লোকজন তার লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে সাদ্দামের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে পুলিশ।

গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। তবে হত্যার ক্লু বের করে জড়িতদের আটকে কাজ করছে পুলিশ।

Share





Related News

Comments are Closed