Main Menu

সিলেটে ২৫ পিস ভারতীয় মোবাইলসহ যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক : এসএমপি’র শাহপরাণ (রহঃ) থানাপুলিশের অভিযানে ৬ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় এক চোরাকারবারিকে আটক এবং একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, রোববার (২১ জুন) শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্তকেন্দ্রের একটি টিম সিলেট-তামাবিল মহাসড়কের সুরমা গেইট বাইপাস মুখে চেকপোস্ট বসায়। এসময় তামাবিলের দিক হতে সিলেটগামী একটি কালো রংয়ের প্রাইভেটকার (রেজি. নং- ঢাকা মেট্রো-গ-১২-১৪৬০) থামিয়ে সেটির পিছনের ভ্যান চেক করলে একটি কার্টুনের ভিতর থেকে ২৫টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। যেগুলোর আনুমানিক মূল্য ৬ লক্ষ ২৫ হাজার টাকা।

এসময় প্রাইভেটকারের চালক মো. জাকির হোসেন (২২) এসব মোবাইল ফোনের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় এবং শুল্ক কর ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত হতে এগুলো নিয়ে আসার বিষয়টি স্বীকার করায় তাকে আটক এবং প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।

আটক জাকির হোসেন সিলেটের মোগলাবাজার থানাধীন টাকিরমোরা (উত্তর জালালপুর) গ্রামের আজম আলীর ছেলে।

এ ঘটনায় এসআই মো. গিয়াস উদ্দিন বাদি হয়ে শাহপরাণ (রহ:) থানায় মামলা দায়ের করেছেন। পরে জাকির হোসেনকে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed