Main Menu

‘ভুয়া ফেসবুক আইডি থেকে অপপ্রচার’ প্রতিকার দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক ভুয়া আইডি খুলে সামাজিক ভাবে তার পরিবারকে নানা ভাবে বিভ্রান্তির অভিযোগ করেছেন বালাগঞ্জে ইছাপুর গ্রামের স্থানীয় বাসিন্দা ও বর্তমানে ওসমানীনগরের গোয়ালাবাজার গদিয়ারচর রোডের বসবাসকারী প্রবাসী আনছার মিয়ার মেয়ে নাইমা বেগম (১৮)।

তিনি বলেন, এক বা একাধিক ব্যক্তি ফেসবুকের মাধ্যমে আমিসহ আমার মা-বোনের ছবির সাথে স্থানীয় চেয়ারম্যানসহ একাধিক ব্যক্তিবর্গের ছবি ব্যবহার করে পোস্ট দিয়ে আমার পরিবারকে দিশেহারা করে তুলেছে।

সোমবার (২২ জুন) বিকেলে ওসমানীনগর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

নাইমা বেগম বলেন, ‘আমাদের পরিবার দীর্ঘদিন ধরে স্থানীয় ঠিকানায় বসবাস করে আসছে। আমার পিতা একজন মধ্যপ্রাচ্য প্রবাসী। গত ২০১৯ সালের আগস্টে নাইমা বেগম ও মাহিয়া বেগম, নুসরাত জাহান আয়শা নামীয় ভুয়া ফেসবুক আইডি থেকে কে বা কারা আমার ছবির সাথে গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিকের ছবি জড়িয়ে অশালীন পোস্ট করে। এ ঘটনায় পুলিশ আমিসহ তামান্না নামীয় আমাদের বাসার এক ভাড়াটিয়াকে আটক করে। আটকের পর সাইবার আইনে চেয়ারম্যানের দায়েরকৃত মামলায় পুলিশ আমাদের জেল হাজতে প্রেরণ করে।

পরবর্তীতে থানা পুলিশের মাধ্যমে জানা যায়, ফেসবুকে পরিচয়ের সূত্রধরে মালয়েশিয়া প্রবাসী ছাতক থানার বুড়াইগাঁওয়ের আওয়াজ মিয়ার ছেলে শাহিন মিয়া Nima Bagom নামীয় আইডিসহ একাধিক ফেসবুক আইডি খুলে এসব আপত্তিকর পোস্ট আপলোড করে যাচ্ছেন। আমি জেল থেকে জামিনে বেরিয়ে উক্ত শাহিন মিয়ার বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরী করলেও পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

পরবর্তী সমাজ বিরোধীরা আরো বেপরোয়া হয়ে আবারও Nima Leone, Mohona Lutfa নামীয় ফেসবুক আইডিসহ একাধিক আইডির মাধ্যমে আমিসহ আমার মা বোনদের ছবি ব্যবহার করে গোয়ালাবাজার ইউপির বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মানিক এবং ওসমানীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলীসহ স্থানীয় সামাজিক-রাজনৈতিক স্বনামধন্য ব্যক্তিত্বদের নামে অশালীন মন্তব্য করে যাচ্ছে। এসব অশ্লীল পোস্টের কারণে আমার আত্মীয়-স্বজন, স্থানীয় চেয়ারম্যান আতাউর রহমান মানিকসহ অনেকের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে।

এদিকে আমার পিতার কোনো অসুখ না থাকা স্বত্বেও গত ৩০ মার্চ তার ছবি ব্যবহার করে Mohona Lutfa নামক ফেসবুক আইডি থেকে দুষ্কৃতিকারীরা আমার পিতাকে করোনা আক্রান্ত বলে ফেসবুকে পোস্ট দিয়ে দোয়া কামনা করে। এভাবে প্রায় প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব আইডি থেকে আমিসহ পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিদের নাম ব্যবহার করে একের পর এক আপত্তিকর পোস্ট প্রচার করা হচ্ছে। এসব বিষয়ে আমার পিতাসহ অন্যরা বার বার থানা পুলিশের শরণাপন্ন হয়েও কোন প্রতিকার পাচ্ছেন না। এসব অপকর্মের মূল হোতা কিংবা তার সহযোগীদের আইনের আওতায় নিয়ে না আসায় আমিসহ আমার পরিবারটি চরম নিরাপত্তা হীনতায় ভুগছি। আমাদের মান সম্মান ভূ-লুণ্ঠিত হচ্ছে। আমি জাতির বিবেক সাংবাদিক ভাইদের মাধ্যমে এ বিষয়ে প্রতিকার চেয়ে উর্দ্ধতন মহলের কাছে জোর দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে নাইমা বেগমের সাথে উপস্থিত ছিলেন, তার বাবা আনছার মিয়া, মা শাহানারা বেগম, গোয়াবাজার বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি তাজ উদ্দিন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সমাজসেবী কমরু মিয়া, আতিকুল আলম প্রমুখ।

Share





Related News

Comments are Closed