Main Menu

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ২৫০০ ছাড়াল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে সোমবার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ১৩৯ জন, এনিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৫ জনে।

সোমবার (১৫ জুন) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৯ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৭৯ জন ও ঢাকার ল্যাব থেকে আরও ২১ জনের নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

ওসমানীর ল্যাবে শনাক্ত হওয়া ৩৯ জনের মধ্যে সিলেট সদর উপজেলার ৩২ জন, বিয়ানীবাজারের ১ জন, সুনামগঞ্জের ছাতকের ৪ জন ও হবিগঞ্জের বাহুবল উপজেলার ২ জন রয়েছেন। শাবির ল্যাবে শনাক্ত হওয়া ৭৯ জনের সকলেই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া ঢাকার ল্যাব থেকে আসা রিপোর্টের ২১ জনই হবিগঞ্জের।

সোমবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, এদিন ওসমানীর ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে মধ্যে সিলেট সদর উপজেলার ৩২ জন করোনা রোগী রয়েছেন। এছাড়া বিয়ানীবাজারের ১ জন, সুনামগঞ্জের ছাতকের ৪ জন ও হবিগঞ্জের বাহুবল উপজেলার ২ জন রয়েছেন।

এদিকে, একইদিনে শাবির ল্যাবে সিলেটের রেকর্ড সংখ্যক ৩৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৭৯ টি পজিটিভ আসে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।

সুনামগঞ্জে নতুন শনাক্ত হওয়া ৭৯ জনের মধ্যে ছাতক উপজেলায় ১৭ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২৪ জন, সুনামগঞ্জ সদর উপজেলায় ১৬ জন, জামালগঞ্জ উপজেলায় ৭ জন, শাল্লা উপজেলায় ৭ জন, দিরাই উপজেলায় ৩ জন এবং দোয়ারাবাজার উপজেলায় ৫ জন রয়েছেন বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. শাসম উদ্দিন।

এদিকে ঢাকার ল্যাবে নতুন শনাক্ত হওয়াদের মধ্যে চুনারুঘাটের ১০জন, সদর উপজেলার ২ জন, নবীগঞ্জের ১ জন ও আজমিরিগঞ্জের ১ জন রয়েছেন বলে জানিয়েছেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান।

সবমিলিয়ে সোমবার (১৫ জুন) রাত পর্যন্ত সিলেট বিভাগে করোনায় শনাক্ত হলো ২ হাজার ৫৪৫ জন। এরমধ্যে সিলেট জেলার ১৪৪৬ জন, সুনামগঞ্জে ৬৪৬ জন, হবিগঞ্জে ২৬২ জন ও মৌলভীবাজারে ১৯১ জন রয়েছেন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০৩ জন। এর মধ্যে সিলেটে ৫৭, সুনামগঞ্জে ১১৫, হবিগঞ্জে ২৫ ও মৌলভীবাজারে ৬ জন।

এদিকে সোমবার রাত পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪৪ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ৪ জন এবং মৌলভীবাজারে চারজন।

এছাড়া সোমবার দুপুর পর্যন্ত সিলেট বিভাগের মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৮৮ জন, সুনামগঞ্জে ১১৭, হবিগঞ্জে ১৫৭ জন এবং মৌলভীবাজার জেলায় ৭৫ জন।

গত বছরের ৩১ ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে ধরা পরে গত ৮ মার্চ। আর সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল।

Share





Related News

Comments are Closed