পররাষ্ট্রমন্ত্রীর কাছে সিলেটের সুধীজনের চার প্রস্তাবনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে দ্রুততম সময়ে বেসরকারী পর্যায়ে কোভিড রোগীদের চিকিৎসা সেবা চালু, প্রাইভেট হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গেলে যাতে কেউ দুর্ভোগের শিকার না হন সেজন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন, সিলেটে ল্যাবের সংখ্যা বৃদ্ধি করে দ্রুততম সময়ের মধ্যে নমুনার ফলাফল প্রদান, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে (আউটডোর বিল্ডিং) করোনা ইউনিট চালুসহ চলমান স্বাস্থ্যসেবাকে আরও গতিশীল করতে বিভিন্ন প্রস্তাবনা পররাষ্ট্রমন্ত্রী বরাবরে উপস্থাপন করেছেন সিলেটের সুধীজনেরা।
শনিবার (৬ জুন) দুপুরে জেলরোডস্থ সিলেট চেম্বার ভবনের কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শেষ পর্বে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যোগ দেন। ভিডিও কনফারেন্সে বৈঠকে যোগ দিয়ে তিনি উত্থাপিত সকল প্রস্তাবনা সম্পর্কে অবগত হন এবং এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বেসরকারী হাসপাতালে গিয়ে চিকিৎসা না পেয়ে ননকোভিড রোগীর মৃত্যুর ঘটনাগুলোকে অত্যন্ত দুঃখজনক আখ্যায়িত করে এসব ঘটনায় প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন। ননকোভিড রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে যাতে এরকম ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের যথাযথ পদক্ষেপ গ্রহনের ব্যাপারে তিনি গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। এসময় মেয়র আরিফ সিলেট সিটি কর্পোরেশন থেকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
সভায় প্রস্তাবনা উত্থাপন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি এটিএম শোয়েব, সিলেট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাছির উদ্দিন খান, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট প্রাইভেট হসপিটাল ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আজিুজুর রহমান, রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারী আব্দুর রহমান জামিল ও পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল।
বৈঠকের সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মঈন উদ্দিন মন্জু। এসময় আরও উপস্থিত ছিলেন আরটিভির সিলেট প্রতিনিধি হোসেইন আহমদ সুজাদ, এটিএন বাংলা ইউকের সাংবাদিক এ এম রুবেল, ভয়েস অব সিলেট এর ক্যামেরাপার্সন জাফরুল জিসান প্রমুখ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed