Main Menu

রাজনগরে সড়ক দূর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সৃষ্ট দুর্ঘটনায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও একজন শিক্ষকের স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয় জন।

মঙ্গলবার (১৯ মে) ভোরে উপজেলার গোবিন্দবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারা সবাই রাজশাহীর বিভিন্ন উপজেলার বাসিন্দা। ঈদ উপলক্ষে সবাই বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত দুই জন হলেন— মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুড়িকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান এবং অপরজন বড়লেখা ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমানের স্ত্রী আফরোজা মিসু।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, ‘মৌলভীবাজারের বড়লেখা থেকে একটি মাইক্রোবাস রাজশাহী যাওয়ার পথে আজ ভোর ৫টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠায় পুলিশ। তারা সবাই ঈদ উপলক্ষে বাড়ি যাচ্ছিলেন।

জানা গেছে, বড়লেখা থেকে রাজশাহীর উদ্দেশে সেহরির পর রওনা করেন মাইক্রোবাসযাত্রীরা। সকালের দিকে রাজনগর উপজেলার গোবিন্দবাটি এলাকায় মাইক্রোবাসের ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।

Share





Related News

Comments are Closed