Main Menu

দেশে করোনায় আরো ১১ জনের মৃত্যু, শনাক্ত ১০৩৪

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১০৩৪ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৯১ জনে। এসময়ে আরও ১১ জনের মৃত্যুর মধ্যদিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩৯ জনে।

সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

এদিকে দেশে করোনার নমুনা সংগ্রহ এবং পরীক্ষার হারও বেড়েছে। ফলে বেড়েছে নতুন করোনা রোগীর সংখ্যাও। আর শনাক্তের বেশিরভাগই ঢাকা ও এর আশপাশের এলাকার।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৭ হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৭ হাজার ২০৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় একদিনে দেশে রেকর্ড ১০৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

নতুন করে মারা যাওয়া ১১ জনের মধ্যে পাঁচজন পুরুষ এবং ছয়জন নারী বলে জানান তিনি।

এছাড়া নতুন করে ২৪ ঘণ্টায় আরও ২৫২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সুস্থ হওয়ায় মোট এপর্যন্ত ২ হাজার ৯০২ জন সুস্থ হয়েছেন বলেও জানান তিনি।

বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।

গত ৮ মার্চ দেশে প্রথম সংক্রমণ ধরা পড়ে। এরপর ১৮ মার্চ দেশে প্রথম ভাইরাসটির সংক্রমণে একজনের মৃত্যুর ঘটনা ঘটে। এরপর ক্রমেই বাড়তে থাকে এর প্রাদুর্ভাব। এপ্রিলে এসে ভাইরাসটি যেন মারাত্মক রূপ ধারণ করে।

Share





Related News

Comments are Closed