Main Menu

করোনায় আরো এক পুলিশ সদস্যের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন পুলিশের আরও এক সম্মুখযোদ্ধা। মারা যাওয়া এ পুলিশ সদস্য হলেন কনস্টেবল জালাল উদ্দিন খোকা (৪৭)। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পূর্ব বিভাগে কর্মরত ছিলেন।

শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় তার করোনা পরীক্ষা করা হয় ২৬ এপ্রিল। পরীক্ষায় তার করোনা ভাইরাস পজিটিভ আসে। তিনি রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (৯ মে) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

জালাল উদ্দিনের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা থানার উড়াহাট গ্রামে। তিনি স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে রেখে গেছেন।

পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ধর্মীয় বিধান অনুযায়ী পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

মহামারি করোনা ভাইরাসে পুলিশে আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে প্রায় অর্ধেক ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপিতে কর্মরত সদস্য।

শনিবার (৯ মে) পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১,৫০৯ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭জন।

পুলিশ সদর দফতরের একটি সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মহানগরেই (ডিএমপি) রয়েছেন ৭০৮ জন পুলিশ সদস্য। সেই সঙ্গে কোয়ারেন্টাইনে রয়েছেন দুই হাজার ৮৭০ জন। আইসোলেশনে রয়েছেন ৪৬৬ জন। তিনজন নতুন করে সুস্থ হওয়ায় মোট সুস্থ সদস্যের সংখ্যা ৯৬ জন।

এদিকে, আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩,৭৭০ জনে। গত ২৪ ঘণ্টায় ৮ জনসহ করোনায় এখন পর্যন্ত দেশে ২১৪ জনের মৃত্যু হয়েছে।

Share





Related News

Comments are Closed