Main Menu

সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে ‘সাদা পাথর’ পরিবহনের বেপরোয়া বাসের সাঘে সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক অটো চালক নিহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) সকাল ৬টার দিকে মহাসড়কের পাড়ুয়া পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশা চালক ও স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

নিহত অটোরিকশা চালক মতিন মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়িদেও গ্রামের নূর উদ্দিনের ছেলে।

স্থানীয় লোকজন জানান, বুধবার সকাল ৬টার দিকে পাড়ুয়া এলাকায় সাদা পাথর পরিবহনের একটি বেপরোয়া বাসের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশা চালক মতিন মিয়াকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর স্থানীয় লোকজন ও অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য এসে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

এরআগে গত ২৬ জানুয়ারি উপজেলার তেলিখালে ‘সাদা পাথর’ পরিবহনের বেপরোয়া একটি বাসের চাপায় এক বৃদ্ধ প্রাণ হারান।

Share





Related News

Comments are Closed