Main Menu

গাজীপুরে ১জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কোয়ারেন্টাইন থেকে ঢাকার উত্তরায় কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে আটজনকে পাঠানো হয়। তাদের সবার শরীরে জ্বর ছিল। তাদের পরীক্ষা-নিরীক্ষার পর একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকালে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম ও গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান ইতালিফেরত একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুরের ডিসি বলেন, গাজীপুর কোয়ারেন্টাইনে থাকা সবাই ইতালিফেরত ছিলেন। গত ১৫ মার্চ রোববার ও ১৬ মার্চ সোমবার দুই দফায় ৮ জনকে উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। তিনি আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনের জন্য জেলার নাগরিকদের প্রতি আহ্বান জানান।

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, ১৪ মার্চ ৪৪ জন ইতালি ফেরতকে মহানগরীর মেঘডুবি এলাকার মা ও শিশু কেন্দ্র হাসপাতালের কোয়ারেস্টাইনে রাখা হয়। এদের ১৫ মার্চ চারজন ও ১৬ মার্চ চারজনকে করোনা আক্রান্ত সন্দেহে ঢাকায় পাঠানো হয়। ওই ৮ জনের মধ্যে একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। গাজীপুরের ওই কোয়ারেন্টাইনে এখনও ৩৬ ইতালি প্রবাসী রয়েছেন। এছাড়া পুরো গাজীপুর জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ১৮ জন।

গাজীপুরের পুবাইলের মেঘডুবি ২০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন মেডিকেল অফিসার, দুজন সাব-অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

এনিয়ে এখন পর্যন্ত দেশে মোট ১১ জন করোনা রোগী শনাক্ত হলো। ১৭ মার্চ মঙ্গলবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বাংলাদেশে করোনাভাইরাসে মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ জন, এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩ জন।

Share





Related News

Comments are Closed