Main Menu

ভারতে সহিংসতা বন্ধের দাবিতে ইবিতে মানববন্ধন

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ভারতের মুসলমানদের উপর সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বামপন্থী সংগঠন ইবি শাখা ছাত্র ইউনিয়ন সংসদ ও শাখা ছাত্র মৈত্রী।

রবিবার ক্যাম্পাসে পৃথকভাবে তারা এ কর্মসূচী পালন করে। এসময় তারা মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণের তীব্র প্রতিবাদ জানায়।

জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১১টায় ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে ভারতের সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন করে শাখা ছাত্র মৈত্রী। এসময় সংগঠনটির সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু ও অন্যান্য নেতাকর্মীরা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় তারা বলেন, “বর্তমান পৃথিবীতে বিভিন্ন ধর্ম-বর্ণ, জাতি পাওয়া যাচ্ছে কিন্তু মানুষ পাওয়া যাচ্ছে না। পৃথিবীর সর্বময় সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। পৃথিবীকে আসন্ন ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এ সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধ করতে হবে।”

অন্যদিকে একই দাবিতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদ। দুপুর ১২ টায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টেন্টের সামনে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় সংগঠনটির সভাপতি নুরুন্নবী ইসলাম সবুজ ও সাধারণ সম্পাদক জিকে সাদিক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় নেতাকর্মীরা সাম্প্রদায়িক সন্ত্রাস বন্ধে ভারত সরকারের প্রতি আহবান জানান।

Share





Related News

Comments are Closed