Main Menu

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন দেশটির ক্ষমতাসীন পাকাতান হারাপান জোট থেকে বেরিয়ে যাওয়া মালয়েশিয়ান ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান ও সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন।

রোববার (১ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় তিনি শপথ নেবেন বলে দেশটির রাজপ্রাসাদ সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

রাজ পরিবারের মুখপাত্র আহমদ ফাদিল শামসুদ্দীন বিবৃতিতে জানান, ‘দেশটির রাজা সংসদের ২২১ সদস্যের সঙ্গে সাক্ষাতের পর জোহর রাজ্যের পাগোহ থেকে নির্বাচিত মুহিউদ্দীন ইয়াসিনের পক্ষে সংখ্যাগরিষ্ঠের মতামত পেয়েছেন। এ কারণে মালয়েশিয়ার সংবিধান অনুসারে রাজা তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন।’

মালয়েশিয়ার সংবিধানের ৪৩(২)(এ) ধারা অনুসারে, দেশটির রাজা বেশির ভাগ সংসদ সদস্যের আস্থাভাজন সদস্যকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন।

আহমদ ফাদিল শামসুদ্দীন রাজার পক্ষ থেকে জানান, ‘জনগণ ও জাতির স্বার্থে প্রধানমন্ত্রীর পদে নিয়োগে বিলম্ব করা যায় না।’

এর আগে ২৪ ফেব্রুয়ারি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদ আকস্মিকভাবে পদত্যাগ করেন। পদত্যাগ করলেও মাহাথির মোহাম্মদকে অর্ন্তবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন দেশটির রাজা আবদুল্লাহ রি’আয়াতুদ্দীন আল-মুস্তাফা বিল্লাহ শাহ।

মাহাথির পরবর্তী মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী নিয়োগে দেশটির সংসদের ২২১ সদস্যের সাক্ষাৎকার নেন রাজা। ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাজা আবদুল্লাহ রি’আয়াতুদ্দীন আল-মুস্তাফা বিল্লাহ শাহ তার প্রাসাদে সদস্যদের সাক্ষাৎকার নেওয়া শুরু করেন।

দু’দিনের এ সাক্ষাৎকার অনুষ্ঠানে প্রতি সদস্যের সঙ্গে দুই-তিন মিনিট করে পরবর্তী প্রধানমন্ত্রীর বিষয়ে তাদের মতামত নেন রাজা।

Share





Related News

Comments are Closed