Main Menu

বালাগঞ্জে সালিশ বৈঠকে বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা

বালাগঞ্জ সংবাদদাতা: সিলেটের বালাগঞ্জে একটি সালিশ বৈঠক চলাকালে আনজব উল্লাহ (৬০) নামে এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের হরিশ্যাম গ্রামের নুর মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে ইউনিয়নের সাবেক মেম্বার আহমদের জমিতে শ্রমিক হিসেবে ধান রোপণ করতে যান আনজব উল্লাহসহ কয়েকজন। কিন্তু জমিতে পানি বেশী থাকায় তারা ধান রোপণে অনীহা প্রকাশ করেন, কিন্তু আহমদ মেম্বার তাদেরকে ধান রোপণ করতে জোর করলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এ ঘটনা সমাধানের লক্ষ্যে বুধবার রাতে গ্রামের নুর মিয়ার বাড়িতে সালিশ বৈঠক ডাকা হয়। সালিশের এক পর্যায়ে আহমদ মেম্বারের লোকজন ধারালো ছুরি দিয়ে আনজব উল্লাহকে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি এবং কাউকে আটক করা হয়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed