Main Menu

কিছু সংখ্যক লোক ই-পাসপোর্ট পাচ্ছেন : পররাষ্ট্রমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আপাতত কিছুসংখ্যক লোকদের ই-পাসপোর্ট দেয়া শুরু হয়েছে জানিয়ে বলেছেন, ‘ই-পাসপোর্ট দেয়া শুরু হয়েছে। তবে প্রথমে কিছু সংখ্যক লোকদের দেয়া হবে। আগামী জুলাই থেকে সাধারণ মানুষকে বিতরণ করা হবে। কিছু সংখ্যক বলতে সরকারি কর্মকর্তারা আপাতত ই-পাসপোর্ট পাচ্ছেন, যোগ করেন তিনি’।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে সাংবাদিক তুহিনুল হক তুহিনের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে গত ৫ ডিসেম্বর সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে সিলেট আওয়ামী লীগের সম্মেলনে উপস্থিত হয়ে তিনি তাঁর বক্তব্যে ১৫ ডিসেম্বরের মধ্যে ই-পাসপোর্ট চালু হবে বলে জানিয়েছিলেন। এ সম্মেলনের পর সিলেটে এটিই তাঁর প্রথম সফর। তাঁর ঘোষণা অনুযায়ী ১৫ ডিসেম্বর চলে যাওয়ায় সাংবাদিকরা তাঁর কাছে ই-পাসপোর্টের ব্যাপারে জানতে চাইলে তিনি এ তথ্য জানান।

এদিকে, এদিন বিকেল ৪টায় পররাস্ট্রমন্ত্রী সিলেট এমসি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দৃষ্টিনন্দন ম্যুরাল উদ্বোধন করেন।

উদ্বোধনকালে ড. মোমেন বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘দৃষ্টিনন্দন ম্যুরালটি বঙ্গবন্ধু সম্পর্কে জানতে নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলবে।’

এর আগে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী ও এমসি কলেজ কর্তৃপক্ষ।

এ সময় এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed