Main Menu

সিলেটে ২৭ লাখ টাকার ভারতীয় ওষুধসহ আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেখি এলাকার লাক্কাতুরা চা বাগানের গেইটের সামনে থেকে ২৬ লাখ ৭৪ হাজার টাকা দামের ভারতীয় আমদানি নিষিদ্ধ ওষুধসহ এক যুবককে আটক করেছে মহানগর ডিবি পুলিশ।

আটককৃত আল মারজান আবুলকে (২০) কোম্পানীগঞ্জ উপজেলার দয়ালবাজার উত্তর রাজনগর গ্রামের খোরশিদ আলীর ছেলে।

বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই সারোয়ার হোসেন ভূইয়া, এসআই শাওন মাহমুদ অপু, এএসআই সঞ্জয় চন্দ্র দে এবং অন্যান্য ফোর্স।

পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সঞ্জয় সরকারের দিক নির্দেশনায় এসআই (নিঃ) সারোয়ার হোসেন ভূইয়ার নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম সিলেট জেলার জৈন্তাপুর সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে সরকারের শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পন্য আনয়নের বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন। ঐ সূত্র ধরে বুধবার ভোর ৫টা থেকে এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখি বাশবাড়ী লাক্কাতুরা চা বাগানের মেইন গেইটের সামনে সিলেট-এয়ারপোর্ট সড়কে অবস্থান নেয়। এরপর সকাল সাড়ে ৮টার দিকে চোরাই মালামালসহ ঐ যুবককে আটক করা হয়।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে DICLOFENAC SODIUM & PARACETAMOL TABLETS IP DICLO-M ৭ কার্টুন, Cyproheptadine Hydrochloride I.P. Practin SYRUP ২ কার্টুন, PIRAMAL ENTERPRISES LIMITED, Saridon ৪ কার্টুন। সর্বমোট উদ্ধারকৃত মালামালের মূল্য অনুমান প্রায় ২৬ লাখ ৭৪ হাজার টাকা।

আটক আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঔষধ (ভারতীয় পন্য) চোরাচালানের মাধ্যমে সিলেট জেলার জৈন্তাপুর-গোয়াইনঘাট সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনয়ন করা হয়েছে।

এ চোরাচালানের সাথে আরো অনেকেই জড়িত বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।

Share





Related News

Comments are Closed