Main Menu

জকিগঞ্জে বাস খাদে পড়ে মা-মেয়েসহ নিহত ৩

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গিয়ে মা মেয়েসহ ৩জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জকিগঞ্জ ইউনিয়নের হাইল ইসলামপুর গ্রামের সাবুদ্দিনের স্ত্রী নাসিমা আক্তার (২২), তার শিশু কন্যা রুহেনা বেগম (২), মানিকপুর গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী নুরজাহান বেগম (৫০)। আহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

জানা গেছে, যাত্রীবাহী বাসটি বিকেলে সিলেট থেকে জকিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকেল সাড়ে ৪টায় বাবুরবাজার নামক স্থানে বাসটি পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে উল্টে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। পরে তাদের উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এক শিশু ও দুই নারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এদিকে দুর্ঘটনার সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে আহতদের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবদুন নাসের দুর্ঘটনায় এক শিশু ও দুই নারী নিহত হয়েছেন জানিয়ে বলেন, গুরুতর আহত ১২ জনকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের জকিগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।

জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক আব্দুল্লাহ আল মেহেদী তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed