Main Menu

খালেদা জিয়াকে বিদেশে নিতে চান স্বজনরা

বৈশাখী নিউজ ডেস্ক: জামিনে মুক্তি পেলে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে চাইছেন তাঁর পরিবারের সদস্যরা।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার সাথে দেখা করেন স্বজনরা। পরে বেগম খালেদা জিয়ার মেজ বোন বেগম সেলিমা ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার জামিন পেলে তাকে আমরা উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বিদেশ নিতে চাই। এখানে তার চিকিৎসা হচ্ছে না। দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। উনি উঠতে পারছেন না, বসতে পারছেন না, নিজ হাতে কিছু খেতে পারছেন না। চলতে পারছেন না। শুয়ে থাকতেও উনার কষ্ট হচ্ছে। উনার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়া দরকার। আমরা উনাকে বিদেশে পাঠাতে চাই।

হাসপাতালে খালেদা জিয়ার কোনো চিকিৎসা দেয়া হচ্ছে না অভিযোগ করে সেলিমা ইসলাম বলেন, গত দুই সপ্তাহ ধরে চিকিৎসকরা উনাকে (খালেদা জিয়া) দেখতে আসেননি।

তিনি বলেন, খালেদা জিয়া জামিন পেলে তাকে আমরা উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে বিদেশে নিতে চাই। এখানে তার চিকিৎসা হচ্ছে না।

বিকেল সাড়ে ৩টার দিকে খালেদা জিয়ার স্বজনরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার সঙ্গে দেখা করতে আসেন। প্রায় ঘণ্টাখানেক তারা খালেদা জিয়ার পাশে থাকেন।

স্বজনদের মধ্যে ছিলেন বেগম খালেদা জিয়ার মেঝ বোন বেগম সেলিমা ইসলাম, তারেক রহমানের স্ত্রী জোবায়েদা রহমানের বড় বোন শামীম আরা বিন্দু, খালেদা জিয়ার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার ভাইয়ের ছেলে অভিক ইস্কান্দার, খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দারের ছেলে অতনু ইস্কান্দারসহ ৬ জন।

সর্বশেষ গত ১১ অক্টোবর পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় যথাক্রমে ১০ ও সাত বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন খালেদা জিয়া।

গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে বন্দি রাখা হয়। গত ১ এপ্রিল চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

Share





Related News

Comments are Closed