‘জেলেদের জোর করে নিতে চেয়েছিলো বিএসএফ’
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর চারঘাটে পদ্মা-বড়াল নদীর মোহনায় বাংলাদেশ সীমান্তে ঢুকে অবৈধভাবে মা-ইলিশ ধরার অভিযোগে আটক জেলেকে পতাকা বৈঠক ছাড়াই জোর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিয়ে যেতে চেয়েছিলো বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ অক্টোবর বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০টা ৪০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়নের অন্তর্গত চারঘাট বিওপির এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য লাইন হতে পদ্মা নদীর পাড়ে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশকারী ভারতের তিন জেলেকে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে মাছ ধরতে দেখা যায়। এ সময় বিজিবির টহল দল মা-ইলিশ সংরক্ষণ অভিযান তদারকির জন্য উপজেলা মৎস্য অধিদফতরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আবু রায়হান এবং আরো দু’জন সহকারীসহ ঘটনাস্থলে গিয়ে এক জেলেকে অবৈধ কারেন্ট জালসহ আটক করে এবং বাকি দুই জেলে ভারতের দিকে নৌকা নিয়ে পালিয়ে যায়।
আরো বলা হয়, পরবর্তীতে বিএসএফ-এর ১১৭ ব্যাটালিয়নের কাগমারী বিওপি হতে স্পিডবোট করে চারজন বিএসএফ বড়াল নদীর মুখে আনুমানিক ৬৫০ গজ বাংলাদেশের ভেতরে অবৈধভাবে অনুপ্রবেশ করলে চারঘাট বিওপির টহল দল তাদেরকে বাধা প্রদান করে। ঐ চার জনের মধ্যে একজন বিএসএফ সদস্য ইউনিফর্ম পরিহিত থাকলেও বাকিরা হাফ প্যান্ট ও গেঞ্জি পরিহিত ছিল। বিএসএফ টহল দলের নিকট অস্ত্রও ছিল। পরবর্তীতে বিএসএফ উক্ত জেলেকে জোর করে ফিরিয়ে নিতে চাইলে তাদেরকে পতাকা বৈঠকের মাধ্যমে নিয়ম মাফিকভাবে ফেরত প্রদান করা হবে বলে বিজিবি টহল দল কর্তৃক জানানো হয়। এছাড়াও বিজিবি টহল দল বিএসএফ সদস্যদেরকে আরো জানায় যে, আপনারাও অবৈধভাবে বাংলাদেশে এসেছেন, তাই আপনাদেরকেও নিয়ম অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের নিকট হস্তান্তর করা হবে।
এতে আরো বলা হয়, তখন বিএসএফ সদস্যরা আতঙ্কিত হয়ে জোরপূর্বক আটক জেলেকে নিয়ে ঘটনাস্থল হতে চলে যেতে চাইলে বিজিবি সদস্যরা তাদের বাধা প্রদান করে। এ সময় বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে ফায়ার করে এবং ফায়ার করতে করতে স্পিডবোট চালিয়ে ভারতের অভ্যন্তরে চলে যেতে থাকেন। তখন বিজিবি টহল দল আত্মরক্ষার্থে ফায়ার করেন।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ বিষয়ে অধিনায়ক রাজশাহী ব্যাটালিয়ন এবং কমান্ড্যান্ট ১১৭ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মিটিংয়ে উভয়পক্ষ তাদের নিজ নিজ অবস্থান থেকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে একমত হয়েছেন।
এছাড়াও এ বিষয়ে আরো আলোচনার জন্য আবারো পতাকা বৈঠক করার বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছেন। আলোচ্য পতাকা বৈঠক শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed