ধর্ষণের পর থানায় বিয়ে, ওসি প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক : মামলা না নিয়ে থানায় এক আসামির সঙ্গে গণধর্ষণের শিকার গৃহবধূর বিয়ে দেয়ার ঘটনায় পাবনা সদর থানার ওসি ওবায়দুল হককে প্রত্যাহার করা হয়েছে। আর এসআই এনামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ওসি ওবায়দুল হককে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত ধর্ষকের সঙ্গে থানায় গৃহবধূর বিয়ে দেয়ায় প্রত্যক্ষ সহায়তাকারী এসআই এনামুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনাটি হাইকোর্টও নজরে রেখেছিলেন। এর একদিন পরই এ ব্যবস্থা নেয়া হয়।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চে এ ঘটনার প্রকাশিত খবর তুলে ধরে সদর থানার ওসির বিরুদ্ধে পদক্ষেপ নিতে স্বপ্রণোদিত আদেশ চান সুপ্রিমকোর্টের তিন আইনজীবী। তখন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক এম ইনায়েতুর রহিম বলেন, মিডিয়ার মাধ্যমে আমরাও বিষয়টা নজরে রাখছি।
মামলার এজাহার থেকে জানা যায়, পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের সাহাপুর যশোদল গ্রামের এক নারী স্বামী ও তিন সন্তান নিয়ে বসবাস করছিলেন। গত ২৯ আগস্ট রাতে একই গ্রামের আকবর আলীর ছেলে রাসেল আহমেদ চার সহযোগীকে নিয়ে তাকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়।
টানা ৪ দিন অজ্ঞাত স্থানে আটকে রেখে পালাক্রমে ওই নারীকে ধর্ষণ করে তারা। নির্যাতিত গৃহবধূ কৌশলে পালিয়ে স্বজনদের বিষয়টি জানালে তারা গত ৫ সেপ্টেম্বর ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করেন। মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামতও মেলে। পরে গৃহবধূ নিজেই বাদী হয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ রাসেলকে আটক করে।
তবে মামলা নথিভুক্ত না করে স্থানীয় একটি চক্রের মধ্যস্থতায় পূর্বের স্বামীকে তালাক ও অভিযুক্ত রাসেলের সঙ্গে বিয়ে দিয়ে পুলিশ ঘটনা মীমাংসা করে দেয়।
অভিযোগকারী ওই নারী জানান, শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে পাবনা সদর থানায় জোর করে তার বিয়ে দেয়া হয়। তবে পাবনা সদর থানার ওসি ওবায়দুল হক বলেন, তারা নিজেরাই মীমাংসা করে বিয়ে করেছেন। আর যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘রিমান্ডের ভয়’ দেখিয়ে পুলিশ তাদের বিয়ে দিয়েছে।’
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) ফিরোজ আহমেদকে প্রধান ও ডিআই-১ এবং সদর কোর্ট ইন্সপেক্টরকে সদস্য করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
Related News
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More
পাবনায় বিএনপি নেতা ও শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার আতাইকুলায় বিএনপি নেতা রিপন হোসেন (৪০) এবং কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগRead More



Comments are Closed