Main Menu

অস্ত্র ও ইয়াবাসহ স্বেচ্ছাসেবকলীগনেতা পিযুষ গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি, সাবেক ছাত্রনেতা পিযুষ কান্তি দে এবং তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

বুধবার রাত ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

এরপর মধ্যরাতে র‍্যাব-৯ এর মিডিয়া উইং থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, সিলেটের কোতোয়ালি থানা এলাকা থেকে ১টি বিদেশী রিভলভার, ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী পিযুষ কান্তি দেকে তার তিন সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- বাপ্পা পাল ও মিন্টু রায়। অপর একজনের নাম জানা যায়নি।

সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পিযুষ কান্তি দে’র বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অভিযোগ রয়েছে ক্ষমতাসীন দলের এই নেতার বিরুদ্ধে। এসব অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এর আগে বিভিন্ন সময়ে নগরে প্রকাশ্য অস্ত্র নিয়ে মহড়া দিয়ে আলোচিত হয়েছিলেন পিযুষ।

এছাড়া নগরীর জিন্দাবাজার-লামাবাজার সড়কের মির্জাজাঙ্গালে আস্তানা গড়ে তুলে নিজের কর্মীবাহিনী দিয়ে মানুষজনকে হেনস্তারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

গত ৬ আগস্ট জিন্দাবাজারে পাঁচ ভাই রেস্টুরেন্টের সামনে তিন প্রবাসীর উপর হামলা চালায় পিযুষ অনুসারী ছাত্রলীগ কর্মীরা। এতে গুরুতর আহত হন তারা। এ সময় তাদের প্রাইভেটকারও ভাঙচুর করা হয়। এনিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় ৭ আগস্ট আহতদের চাচাতো ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

এই মামলার পর থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নেন পিযুষ। গ্রেপ্তার এড়াতে নিজের আস্তানায়ও অনেকদিন অনুপস্থিত ছিলেন তিনি। বুধবার ফের আস্তানায় ফিরেই আটক হন পিযুষ।

এর আগে চলতি বছরের ২২ জানুয়ারি আরো একবার পুলিশের হাতে গ্রেপ্তার হন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি ও মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পিযুষ কান্তি দে।

Share





Related News

Comments are Closed