Main Menu

জৈন্তাপুরে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে চোরাকারবারিরা নৌকা নিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ কালে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ছোড়া গুলিতে দুই বাংলাদেশী আহত হন। এ সময় চোরাই মালসহ চারটি নৌকা জব্দ করে নিয়ে যায় বিএসএফ।

সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাত ২টায় সীমান্ত পিলার ১৩শ এর সাব পিলার ১/২ এস পিলার সংলগ্ন তেলেঞ্জীবাড়ীর লাল মিয়ার ঘাটে বিএসএফের ছোড়া গুলিতে দুই বাংলাদেশী চোরাকারবারি গুলিবিদ্ধ হন। সারী নদীর লালাখাল সীমান্তের বাংলাদেশ সীমার উপরিভাগ দিয়ে ভারতে প্রবেশ করছিল চোরাকারবারিরা। এ সময় চোরাকারবারিরা বিএসএফ এর তাড়া খেয়ে পালিয়ে যান। অনেকেই নদীতে ঝাপ দিয়ে প্রাণে রক্ষা পান।

আহত চোরাকারবারিরা হলেন উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ী গ্রামের মৃত আখলু মিয়ার ছেলে রুহুল মিয়া (৩৫) ও তার সহোদর আজহার মিয়া (৩০)। আহতরা গোপনে চিকিৎসা নিচ্ছে বলে এ প্রতিবেদককে জানান স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, ভারতের বাজারে মটরশুটির চাহিদা বেড়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে গত কয়েক সপ্তাহ থেকে বাংলাদেশের চোরাকারবারিরা মটরশুটি পাচার করছে। অধিক মুনাফা লাভের জন্য স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী দেশের বিভিন্ন স্থান থেকে নিজেদের দোকানের চাহিদা দেখিয়ে মটরশুটি ক্রয় করে আনেন। বাংলাদেশী চোরাকারবারিরা এসব ব্যবসায়ীদের নিকট হতে উচ্চ মূল্যে মটরশুটি ক্রয় করে রাতের আধারে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট উপজেলার সীমান্ত দিয়ে ভারতে পাঠান।

তবে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, মাঝে মধ্যে সীমান্তরক্ষী বাহিনী লোক দেখানো কয়েকবস্তা মটর আটক করলেও তাদের অগোচরে প্রতিদিন সড়ক ও নৌ- পথে হাজার হাজার বস্তা মটর ভারতে পাচার করা হয়। চোরাকারবারিদের সাথে যোগ সাজসেই দীর্ঘদিন যাবত বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছে মটরশুটি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত ২ টায় প্রতিদিনের মতো ফেরিঘাট নদীর খেয়াঘাটে ইঞ্জিল চালিত নৌকায় বোঝাই করে সারী নদী দিয়ে লালাখাল বিজিবি ক্যাম্পের সম্মুখ হয়ে ভারতে প্রবেশ করে চোরাকারবারিরা। এসময় সীমান্ত পিলার ১৩শ এর সাব পিলার ১/২ এস পিলার সংলগ্ন তেলেঞ্জীবাড়ীর লালমিয়ার ঘাটে পৌঁছা মাত্র ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ ছোড়া গুলিতে দুই বাংলাদেশী চোরকারবারি গুলিবিদ্ধ হন। এ সময় চোরাকারবারিরা বিএসএফ এর তাড়া খেয়ে পালিয়ে যান। অনেকেই নদীতে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পান। চোরাকারবারিরা মটরশুটি বোঝাই ইঞ্জিন নৌকা রেখে পালিয়ে গেলে বিএসএফ ৪টি নৌকা জব্দ করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। তবে অপর একটি নৌকা চোরাকারবারিরা মটরশুটিসহ নদীতে ডুবিয়ে দেয়।

এ বিষয়ে লালাখাল বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জানান, সোমবার রাতে কয়েকটি নৌকা সারী নদী হয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ গুলি ছুড়ে। এতে কেউ আহত হয়েছে কি না আমাদের লোকজন তাদের খোঁজ নিয়ে ক্যাম্পে নিয়ে আসতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ ব্যাপারে ১৯ ব্যাটালিয়ন এর সিও ল্যফটেনেন্ট কর্ণেল সাঈদ বলেন, সোমবার রাতে সীমান্ত এলাকার চোরাকারবারিরা মটরশুটিসহ নৌকা নিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ভারতের সীমান্তরক্ষী বাহিনী ৩ রাউন্ড গুলি ছুড়ে। এ সময় চোরাকারবারি আহত হওয়ার ঘটনা শুনতে পেরেছি তবে এখনো নিশ্চিত করতে পারিনি। আমাদের ক্যাম্পের জোয়ানরা আহতদের খোঁজ নিতে তৎপর রয়েছে। আমরা শুনেছি ভারতের সীমান্তরক্ষী বাহিনী মটরশুটিসহ ৪টি নৌকা ধরে নিয়ে গেছে। যেহেতু তাদের সীমানায় এসব ঘটনা ঘটেছে আমাদের জানতে একটু সময় লাগবে।

Share





Related News

Comments are Closed