ডেঙ্গুতে আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা ও ফরিদপুরে আরও ৫ ডেঙ্গু রোগী মারা গেছে। সারা দেশে নতুন আরও ১ হাজার ৪৬০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
গত ২৪ ঘণ্টায় এ তথ্য পাওয়া গেছে।
তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, বন্ধের দিনে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক কমেছে প্রায় সব হাসপাতালে। ঢাকায় এই সংখ্যা কমেছে অনেক বেশি, যদিও ঢাকায় কয়েক দিন ধরেই ধারাবাহিকভাবে কমছে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা।
শনিবার (১৭ আগস্ট) সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত কলেজছাত্র সুমন বাশার রাজুর (২২) মৃত্যু হয়েছে। একই হাসপাতালে শনিবার সন্ধ্যায় ইউনুস শেখ (৫৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তার বাড়ি রাজবাড়ীর সুলতানপুর গ্রামে। তিনি গত সোমবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার ভোরে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে মারা গেছেন গৃহবধূ লিপি রানী দাস (২২)। লিপি রানী পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের নিমহাওলা গ্রামের বিমল চন্দ্র দাসের স্ত্রী।
সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে শনিবার রাতে ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধীন কলেজ ছাত্র মেহেদী হাসান (১৮) মারা গেছেন। তিনি কামারখন্দের হালুয়াকান্দি গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
এ ছাড়া শনিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মনোয়ারা বেগম (৪৫) নামের এক ডেঙ্গু রোগী মারা গেছেন। মনোয়ারা কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার সাইফুল ইসলামের স্ত্রী।
সাইফুল ইসলাম বলেন, ‘কিছুদিন ধরেই জ্বরে ভুগছিল মনোয়ারা। স্থানীয় ভাগলপুর হাসপাতালে তার ডেঙ্গু ধরা পড়ে। সেখানে চিকিৎসা নেওয়ার সময় অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতেও নেওয়া হয়েছিল।’
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘আমাদের কাছে এ পর্যন্ত ৭০ জনের ডেঙ্গুতে মৃত্যুর তথ্য পর্যালোচনার জন্য এসেছে। এর মধ্যে আমরা সব প্রটোকল মেনে ৪০ জনের মৃত্যুর কারণ ডেঙ্গু ছিল বলে পুরোপুরি নিশ্চিত হতে পেরেছি। বাকিদের বিষয়ে এখনো চূড়ান্ত ফল পাওয়া যায়নি। যাচাই-বাছাইয়ের সময়ে অনেক তথ্য-উপাত্ত পর্যালোচনা করতে হয়, মৃতদের পরিবারের সদস্যদের কাছ থেকেও তথ্য-উপাত্ত নিতে হয়। ফলে এই প্রক্রিয়া অনুসরণ করতে সময় লেগে যায়। তাই এটি নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রকাশ করা সম্ভব হচ্ছে না।’
স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার জানান, গতকাল শনিবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে এক হাজার ৪৬০ জন, যা আগের ২৪ ঘণ্টায় ছিল এক হাজার ৭১৯ জন (১৫ শতাংশ কম) এবং হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছে এক হাজার ৩২৪ জন, আগের ২৪ ঘণ্টায় যে সংখ্যা ছিল এক হাজার ৫৭৩। এর মধ্যে গতকাল শনিবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন ভর্তি হয়েছে ৬২১ জন, যা আগের দিন ছিল ৭৫৯ (১৮ শতাংশ কম) এবং ঢাকার বাইরে নতুন ভর্তি হয়েছে ৮৩৯ জন, যা আগের দিনে ছিল ৯৬০ জন (১৩ শতাংশ কম)। গতকাল শনিবার সকালে সারা দেশে নতুন ও পুরনো মিলিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা ছিল সাত হাজার ৮৫৬। এর মধ্যে ঢাকা মহানগরীতে চার হাজার ৪৩ জন এবং ঢাকার বাইরে তিন হাজার ৮১৩ জন। গত ১ জানুয়ারি থেকে গতকাল ১৭ আগস্ট সকাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৫১ হাজার ৪৭৬। এর মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে ৪৩ হাজার ৫৮০ জন।
Related News
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবিতে শাহবাগে এনসিপির গণবিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারিRead More
নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরখান থানা এলাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্টRead More



Comments are Closed