Main Menu

কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার লালমাই উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন।

রোববার (১৮ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের জামতলী মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- কুমিল্লার গোয়ালপট্টি এলাকার বন্দন হোটেলের মালিক ও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঘোড়া ময়দান গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন (৪৫), তার স্ত্রী সেলিনা বেগম (৪০), তার শাশুড়ি সকিনা বেগম (৭০), বড় ছেলে শিপন (১৭), দ্বিতীয় ছেলে হৃদয় (১৫), মেয়ে নিপু আক্তার (১৩) এবং নাঙ্গলকোট উপজেলার করপতি ব্যাপারী বাড়ির মৃত জিতু মিয়ার ছেলে সিএনজিচালিত অটোরিকশা চালক জামাল হোসেন (৩৫)।

লালমাই থানার ওসি বদরুল আলম তালুকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে লাকসামগামী তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক ও ছয় যাত্রী নিহত হন।

এ ঘটনায় আহত দু’জন হলো- নিহত জসিমের ছোট ছেলে রিফাত ও নাঙ্গলকোট উপজেলার ঘোড়া ময়দান গ্রামের শাইমুন হোসেন (১৫)। তাদের দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed