Main Menu

বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ার শাহজাহানপুর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত ও কমপাক্ষে ১৫ জন আহত হয়েছে।

নিহত দুজন হলেন রংপুর জেলা সদরের আব্দুলতাহেল কাফির ছেলে গার্মেন্ট কর্মী খায়রম্নল আলম যাদু (৫৮) ও তার স্ত্রী রানু বেগম (৫০)। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার আড়িয়াবাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর ওই মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। হতাহতদের উদ্ধার ও দুর্ঘটনা কবলিত বাস দুটি সরানোর পর দুপুর আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, আড়িয়াবাজার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পূর্ব ধারে একটি মিনিবাস ও পশ্চিম পাশে একটি হিউম্যান হলার যাত্রী তুলছিল। এসময় ঢাকা থেকে বগুড়াগামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৪৩৪৫) একটি বাস সেখানে পৌঁছুলে পরক্ষণেই বিপরীত দিক থেকে আসা দিনাজপুরের হিলি থেকে ঢাগাকামী আহাদ পরিবনের একটি দ্রুতগামী বাসের (ঢাকা মেট্রো-ব-১৩-০৪০৭) সঙ্গে সংঘর্ষ হয়। এতে শ্যামলী পরিবহনের বাসটি প্রায় ১০০ গজ দূরে ছিটকে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed