Main Menu

বরমচালে দুর্ঘটনাকবলিত উপবনের বগি উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল রেলক্রসিংয়ের অদূরে সেতু ভেঙে খাদে পড়ে যাওয়া ‘উপবন এক্সপ্রেস’র বগিগুলো উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল ৭টা থেকে বগিগুলো উদ্ধারের কাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। বেলা ২টার দিকে উদ্ধার কাজ শেষ হয়।

উদ্ধার কাজ শেষে বেলা ২টার পর থেকে সি‌লেট থে‌কে ছে‌ড়ে আসা কালনী এক্স‌প্রেস ট্রেন ঢাকার উ‌দ্দে‌শ্যে বরমচাল রেল স্টেশন অ‌তিক্রম করে। এছাড়াও চট্টগ্রাম থে‌কে ছে‌ড়ে আসা উদয়ন এক্স‌প্রেস বেলা ২টা ৪৮ মি‌নি‌টে সি‌লে‌টের উ‌দ্দে‌শ্যে এই স্টেশন অ‌তিক্রম ক‌রে। বরমচাল স্টেশন মাস্টার শফিকুল ইসলাম এই তথ্য নি‌শ্চিত ক‌রেন।

উল্লেখ্য, দুর্ঘটনাস্থল বড়ছড়ার ব্রিজ দিয়ে পাহাড়ি ঢল নামে। কিন্তু নাব্য হ্রাসের কারণে ছড়ার পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়। এদিকে দুর্ঘটনার পর দুটি বগি ব্রিজের নিচে পড়ে থাকায় পানি আটকে যাওয়ায় ট্রেন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল। এ কারণে রেল বিভাগ কোনও পূর্ব ঘোষণা ছাড়াই শনিবার সকাল থেকে বগিগুলো উদ্ধার কাজ শুরু করে।

এই কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৮ ঘণ্টা সিলেটের সাথে রেলযোগাযোগ বন্ধ ছি‌লো। বরমচাল রেল স্টেশন মাস্টার এসব তথ্য নি‌শ্চিত ক‌রে ব‌লেন, উদ্ধার কা‌জের জন্য ট্রেন চলাচল বন্ধ ছি‌লো। এখন ট্রেন চলাচল স্বাভা‌বিক।

প্রসঙ্গত, গত রোববার (২৩ জুন) রাত ১১টা ৪৮ মিনিটে সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল রেলক্রসিং এলাকার কাছেই সেতু ভেঙে আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের কয়েকটি বগি খালে পড়ে যায়। এছাড়া আরও তিনটি বগি স্থলভাগের সীমানায় লাইনচ্যুত হয়ে পড়ে। মোট পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ শুরু করে। পুলিশ, বিজিবি ও স্থানীয় লোকজনও উদ্ধার অভিযানে অংশ নেন।

এ ঘটনায় নিহত হন চারজন এবং আহত হন শতাধিক যাত্রী। এ দুর্ঘটনার কারণে ২২ ঘন্টা বন্ধ থাকে সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ।

Share





Related News

Comments are Closed