Main Menu

গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যদের (র‌্যাব-১) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সেতুর নিচে এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহত দু’জন ছিনতাইকারী দলের সদস্য ছিলেন। এ ঘটনায় তিন র‌্যাব সদস্য আহত হয়েছেন।

নিহতরা হলেন-মো. বাবু ওরফে ব্লেড বাবু (২৮) ও নান্নু মিয়া ওরফে নেংড়া নান্নু (৩০)। তারা ঢাকার উত্তরার কোর্টবাড়ি এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।

র‌্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, র‌্যাব-১–এর একটি টহল দল টঙ্গীসহ আশপাশ এলাকায় টহল দিচ্ছিল। এসময় একদল ছিনতাইকারীকে টঙ্গী সেতুর ওপর ছিনতাই করতে দেখে র‌্যাব সদস্যরা এগিয়ে যান। র‌্যাবের সদস্যদের দেখে ছিনতাইকারীরা দৌঁড়ে সেতুর নিচে চলে যায়। র‌্যাব সদস্যরা তাদের পিছু নিলে ছিনতাইকারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় র‌্যাবের গুলিতে ছিনতাইকারী সদস্য ব্লেড বাবু ও নেংড়া নান্নু গুলিবিদ্ধ হন। ছিনতাইকারী দলের অন্য সদস্যরা পালিয়ে যান। পরে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, এ ঘটনায় র‌্যাব-১–এর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল, সৈনিক কামরুল ও রাকিব আহত হয়েছেন। তাদের মধ্যে রাকিবকে ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি এবং সাইফুল ও কামরুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি তাজা গুলি, দুইটি চাকু, সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed