Main Menu

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ভিড়

বৈশাখী নিউজ ২৪ ডটকম: যথাযোগ্য মর্যাদা ও নানা অায়োজনে সিলেটে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

মঙ্গলবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে ভোর সাড়ে ৫টায় শুরু হয় এ শ্রদ্ধা নিবেদন। এসময় শহীদদের স্মরণে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। দেশের জন্য যারা অকাতরে প্রাণ দিয়েছিলেন সেই সব সূর্য সন্তানদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে ফুল হাতে এসেছিলেন হাজারো মানুষ।

এসময় সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি ঢেকে যায় ফুলে ফুলে। একইসঙ্গে শহীদ মিনারে আসা মানুষের মুখে ছিল যুদ্ধাপরাধী, জঙ্গিবাদ ও মৌলবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়।

স্বাধীনতা দিবসের দিনে প্রথমে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।

এরপর মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট, সিলেট সিটি কর্পোরেশন, বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, সিলেট জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা চেয়ারম্যান, সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান, আর আর এফ কমান্ড্যান্ট, আর্মড ব্যাটালিয়ন পুলিশ, আনসার ভিডিপি, সিলেট জেলা প্রেসক্লাব, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, জেলা ও মহানগর ছাত্রদল, জেলা ও মহানগর জাসদ, বাসদ, গণতন্ত্রী পার্টি, মহিলা আওয়ামী লীগ, জেলা ও মহানগর ছাত্রলীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মানুষ শহিদমিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ উপলক্ষে সকালে সিলেট জেলা স্টেডিয়োমে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠান।

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনার ও আশপাশের এলাকায় সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৫ মার্চ রাত থেকে শহীদ মিনার, চৌহাট্টা ও আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। পাশাপাশি র‌্যাব ও সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

Share





Related News

Comments are Closed