Main Menu

গোলাপগঞ্জে পুকুরে এক ব্যক্তির গলাকাটা লাশ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে আব্দুস শহীদ (৪৫) নামের এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) দুপুর ২টায় উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের নিমাদল গ্রামের একটি পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়। শহীদ আহমদ নিমাদল পূর্ব পাড়া গ্রামের মৃত দাই মোল্লার পুত্র।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ থেকে আব্দুস শহীদ নিখোঁজ ছিলেন। নিখোঁজের ৩দিন পর শুক্রবার দুপুর ২টার দিকে স্থানীয়রা নিমাদল গ্রামের মিনি ক্লিনিকের পাশের একটি পুকুরে তার লাশ দেখতে পান। এর পর স্থানীয়রা তাৎক্ষণিক শহীদ আহমদের পরিবার ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করেন।

খবর পেয়ে পরিবারের লোকজন এসে শহীদের লাশ সনাক্ত করেন। এসময় গোলাপগঞ্জ মডেল থানার এস আই শঙ্কর চন্দ্র দেব একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে আসেন। পরে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। লাশটি দুই এক দিন আগের, কিছু অংশে পচন ধরে গেছে।

Share





Related News

Comments are Closed