শাবি শিক্ষকের অশালীন মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের প্রতি অশালীন মন্তব্যের প্রতিবাদে একই বিভাগের সহকারী অধ্যাপক তালুকদার মোহাম্মদ মিছবাহ উদ্দিনের বিরুদ্ধে শাস্তির দাবিতে মানববন্ধন ও মৌনমিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ই’ এর সামনে থেকে একটি মৌনমিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এসে জড়ো হয়। পরবর্তীতে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে শতাধিক শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
মানববন্ধন চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদ এবং ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার গ্রন্থাগারের সামনে এসে শিক্ষার্থীদেরকে মানববন্ধন থেকে চলে যেতে বলেন।
এসময় তারা শিক্ষার্থীদের বলেন, এরকম একটি বিষয় নিয়ে অনুমতি ছাড়া হঠাৎ করে রাস্তায় নামা যায় না। এ বিষয়টি নিয়ে বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে কথা বলা যেতো। মানববন্ধনে অভিযুক্ত শিক্ষকের যথাযথ শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা।
এসময় তারা অভিযোগ করে বলেন- ওই শিক্ষক প্রায়ই শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করেন। তাছাড়া বিভাগে এ বিষয়ে অভিযোগ দিলেও শাস্তিমূলক কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া শিক্ষার্থীরা কোনো অন্যায়ের প্রতিবাদ করলে সেখানে বাঁধা দেওয়া হলে ভবিষ্যতে শিক্ষার্থীরা আর কোনো অন্যায়ের প্রতিবাদ করবে না বলেও তারা উল্লেখ করেন।
মানববন্ধনে ইংরেজি বিভাগ ছাত্রলীগের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, ‘শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে তার বিরুদ্ধে কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, শুধু মাত্র একটি ব্যাচের ক্লাস থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উনার কুরুচিপূর্ণ এই ধরনের বক্তব্যে আমরা তীব্র নিন্দা জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যাতে ভবিষ্যতে আমাদের বোনদের প্রতি কেউ এ ধরনের আচরণ করতে না পারে। বঙ্গবন্ধুর বাংলায় কোনো অন্যায়ের ঠাই নাই, কোনো হ্যারেজমেন্টের স্থান নাই। উনার বিরুদ্ধে আরো হ্যারেজমেন্টের অভিযোগ আছে। আমরা উনার ক্লাস করতে চাই না।’
এসময় নওশিন নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘তার বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ ছিল কেউ কখনো এভাবে দাঁড়ায়নি। এই প্রথম আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা এমন শিক্ষকের শাস্তি ও বহিষ্কার দাবি করছি। আমরা চাচ্ছি আমাদের দাবিটা পূরণ হোক। তার বিরুদ্ধে মেয়েদের হ্যারেজমেন্টের অনেক অভিযোগ ছিল। উনি ছাত্র-ছাত্রীদের সাথে যে ধরনের ব্যবহার করেন তা কাম্য নয়।’
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীরা অভিযোগ নিয়ে পদ্ধতিগতভাবে আসতে পারে। প্রক্টর, ছাত্র উপদেষ্টা আছেন তাদের কাছে যেতে পারে। এমনকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে তারা যেতে পারেন। আর এসব না করে হুট করে মাঠে নেমে যাবে এটা ঠিক নয়। আমার কাছে মানববন্ধনের জন্য তারা অনুমতি চায়নি।’
প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি ইংরেজি বিভাগের একটি নাচের অনুশীলন চলাকালীন সময়ে সহকারী অধ্যাপক তালুকদার মোহাম্মদ মিছবাহ উদ্দিন ছাত্রীদের নাচের জন্য টাকা প্রদান করতে চেয়েছেন এবং অশালীন মন্তব্য করেছেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed