Main Menu

নদী দখলকারীরা নির্বাচন ও ঋণের অযোগ্য: হাইকোর্ট

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সকল নদ-নদী, খাল-বিল ও জলাশয়কে রক্ষার জন্য জাতীয় নদী রক্ষা কমিশনকে ‘আইনগত অভিভাবক’ ঘোষণা করে নদী দখলকারীদের নির্বাচন করার ও ঋণ পাওয়ার অযোগ্য হিসেবে রায় দিয়েছে হাইকোর্ট।

রোববার (৩ ফেব্রুয়ারি) তুরাগ নদীকে জীবন্ত সত্তা (লিগ্যাল পারসন) ঘোষণা করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব নির্দেশনা ও প্রতিরোধমূলক ব্যবস্থাসহ মামলার রায় ঘোষণা করেন।

নদী রক্ষায় প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রতি এ নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে এ রায়ের কপি প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর নির্দেশ দিয়ে হাইকোর্ট বলেছেন, এ রায়ের কপি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হোক। যাতে তিনি ব্যক্তিগত উদ্যোগে নদ-নদী সম্পর্কে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে পারেন।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক, সহকারী অ্যাটর্নি জেনারেল পূরবী রানী শর্মা ও পূরবী সাহা।

রায়ে তুরাগ নদীকে জীবন্ত সত্ত্বা ঘোষণা করে জাতীয় নদী রক্ষা কমিশনকে দেশের সব নদ-নদী-খালের আইনগত অভিভাবক ঘোষণা করেছেন হাইকোর্ট। দেশের সব নদ-নদী-খাল-জলাশয় ও সমুদ্র সৈকতের সুরক্ষা এবং তার বহুমুখী উন্নয়নে জাতীয় নদী রক্ষা কমিশন বাধ্য থাকবে বলেও রায়ে উল্লেখ করেছেন আদালত।

আদালত তার রায়ে নির্দেশনা দিয়ে নদী দখলকে অপরাধ হিসেবে গণ্য করে কঠিন সাজা ও জরিমানা নির্ধারণ করে অভিযোগ দায়ের, তদন্তের ব্যবস্থা রেখে ২০১৩ সালের নদী রক্ষা আইন সংশোধন করে ৬ মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলেছেন।

পাশাপাশি নদী রক্ষা কমিশন আইনের যেসব সংশোধন প্রস্তাব করেছে, তা অনতিবিলম্বে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। নদী রক্ষা কমিশনকে একটি স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে সব ধরনের পদক্ষেপ নিতেও নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া নদীরক্ষায় প্রতিরোধমূলক নির্দেশনা হিসেবে আদালত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুই মাসে এক দিন এক ঘণ্টা করে নদী দূষণের ওপর সচেতনতামূলক ক্লাসের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। বিষয়টি পর্যবেক্ষণ করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়াও দেশের বড়, মাঝারি ও ছোট শিল্পকারখানার শ্রমিকদের অংশগ্রহণে দুই মাস অন্তর এক দিন এক ঘণ্টা করে নদী বিষয়ে বৈঠক অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়কে এ বিষয়টি তদারকি করতে বলা হয়েছে।

একই সঙ্গে স্থানীয় ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে তিন মাস অন্তর এক দিনব্যাপী নদী বিষয়ক সেমিনার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে। স্ব-স্ব অধিক্ষেত্রে সব অবৈধ নদী দখলদারদের নাম প্রকাশ করতেও নির্দেশ দিয়েছেন আদালত।

এ মামলাটি চলমান তদারকিতে থাকবে বলে রায়ে বলেন আদালত।

আদালত তার রায়ে, মামলায় পক্ষভুক্ত হওয়া তুরাগ তীরে থাকা ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাদের স্থাপনা ৩০ দিনের মধ্যে নিজ খরচে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন। অন্যথায়, জাতীয় নদী রক্ষা কমিশন ওই সব ব্যক্তি-প্রতিষ্ঠানের খরচায় তাদেরকেই উচ্ছেদের ব্যবস্থা করবে বলেও আদেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে দেশের একটি ইংরেজি দৈনিকে এ জাতীয় এক সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে একই বছর হাইকোর্টে রিট আবেদনটি দায়ের করা হয়।

ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গাজীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, বিআইডব্লিউটিএকে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন। সেই অনুযায়ী তারা আদালতে তালিকা দাখিল করেন। কিন্তু রিটকারী আইনজীবী বিচার বিভাগীয় তদন্তের আবেদন জানালে আদালত আবেদন মঞ্জুর করেন।

এর আগে ২০১৬ সালের ৫ জানুয়ারি হাইকোর্ট ঢাকার আশপাশের চার নদীর মামলার সীমানা জরিপ অনুযায়ী তুরাগ নদীর তীরে ভূমি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনার তালিকা প্রস্তুত করতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ওই নির্দেশ মোতাবেক গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসসামস জগলুল হোসেন তদন্ত কাজ শুরু করেন।

এরপর এ সংশ্লিষ্ট তদন্ত প্রতিবেদনে অ্যানন টেক্স, ড. ফরাস উদ্দিন বিশ্ববিদ্যালয়, কর্ডোড ল্যান্ড ডেভলপার এবং ক্যাপ্টেন জাকির হোসেন, রিয়াজ উদ্দিন, প্রত্যাশা হাউজিং, গাজীপুর সিটি করপোরেশন, নার্গিস আক্তার অ্যান্ড সালাহ উদ্দিন, মো. জাহাঙ্গীর জিপার ফ্যাক্টরি, ট্রাক, কাভার্ড ভ্যান ড্রাইভারস ইউনিয়ন, সেন্ট্রাল মেডিক্যাল কলেজ, ইউনুস মেম্বার, (আনন্দ গ্রুপ) জরিনা টেক্সটাইল, হামিম গ্রুপের সাজিদ ওয়াশিং, বিশ্ব ইজতেমা, শিল্প সম্পর্কিত শিক্ষায়ন, টঙ্গী নিউ মার্কেট (মসজিদ মার্কেট), শাহ আলম গং, মোসলেম সরকার, মেজবাহ উদ্দিন সরকার, আব্দুল হাই, আবু তাহের, গিয়াস উদ্দিন, ছোবহান শেখ, লুৎফা বেগম, ডলি বেগম, সেলিম শেখ, ফজলু মিয়া, আনোয়ার গ্রুপ, দি মার্চেন্ট লিমিটেড অ্যান্ড প্যাকেজিং ফ্যাক্টরি, টেক্সটাইল মালিক ইমান আলীসহ মোট ৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে আসে।

এর দীর্ঘদিন পর এ মামলার রুল শুনানি শেষে এ রায় ঘোষণা করেন হাইকোর্ট।

Share





Related News

Comments are Closed