ডিএনসিসি ও উপজেলা নির্বাচনে যাচ্ছে না বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে ‘বিএনপি অংশ নেবে না’ বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুধু ডিএনসিসিই নয়, সারা দেশে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও অংশগ্রহণ না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাতে গুলশানে চেয়ারপারনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির নেতাদের এ সংক্রান্ত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘একাদশ সংসদ নির্বাচন প্রহসনের মধ্য দিয়ে হয়েছে। তাই এ সরকার ও এ নির্বাচন কমিশনের অধীনে বিএনপি ডিএনসিসি উপনির্বাচনে অংশগ্রহণ করবে না।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে প্রমাণ হয়ে গেছে- এ সরকারের অধীনে কোনও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। নিরপেক্ষ সরকার ছাড়া কোনও নির্বাচন সুষ্ঠু হবে না। এটা আমাদের পার্টির সিদ্ধান্ত। আমরা কোনও উপনির্বাচনেও যাচ্ছি না।’
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির নেতাদের এ বৈঠক শুরু হয়। প্রায় পৌনে ১ ঘণ্টাব্যাপী চলে বৈঠক।
এর আগে সন্ধ্যা ৬টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে অংশ নেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। দোয়া মাহফিল শেষে খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান মামলাগুলো নিয়ে স্থায়ী কমিটির সদস্যরা বিএনপির আইনজীবী নেতাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক সূত্রে আরও জানা যায়, ডিএনসিসি নির্বাচন ছাড়াও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন, দল পুনর্গঠনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপিতে বৈঠকে অংশ নিয়েছিলেন। খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে রাজনৈতিক পদক্ষেপের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে বলে জানা গেছে।
বৈঠক সূত্রে আরও জানা গেছে, বর্তমান সরকার ও ইসির অধীনে নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি নেতারা এখন নতুন করে দল গোছানোর দিকে মনোযোগ দিতে চাচ্ছেন।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে.জে.মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে গত মঙ্গলবার (২২ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের (ইসি) সভা শেষে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি তথা ঐক্যফ্রন্ট অংশ নেবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘উপজেলার মেয়াদ মে মাসের মধ্যে শেষ হবে। এই সময়ের মধ্যে নির্বাচন শেষ করার বিষয়ে আইনি বাধ্যবাধকতা আছে। কে নির্বাচনে এল, আর কে এল না, সেটা বিশেষ বিবেচ্য বিষয় নয়।’
উল্লেখ্য, আনিসুল হকের মৃত্যুতে গত ৪ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়। যেখানে ১ ডিসেম্বর থেকে মেয়র পদটি শূন্য দেখানো হয়।
বিধি অনুযায়ী, পদ শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠানের কথা।
২০১৫ সালের ২৮ এপ্রিল ডিএনসিসি নির্বাচন হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী আনিসুল হক বিজয়ী হন। এর মাত্র আড়াই বছরের মাথায় গত ৩০ নভেম্বর আনিসুল হক লন্ডনের একটি হাসপাতালে মারা যান।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed