Main Menu

সিলেট পৌছেছেন ঐক্যফ্রন্ট নেতারা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট অফিস: সিলেট এসে পৌঁছেছেন জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সোমবার (১৪ জানুয়ারি) বেলা পৌনে বারোটার দিকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে করে তাঁরা সিলেট এসে পৌঁছেছেন বলে জানান সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন।

সফরকারী দলে রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান বীর প্রতীক।

বিমানবন্দর থেকে নেতারা হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। পরে নেতৃবৃন্দ হযরত শাহপারন (রহ.) এর মাজার জিয়ারত করবেন।

এরপর জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন গুলিতে নিহত সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলের বাড়িতে যাবেন। সেখানে সুহেলের কবর জিয়ারত ও তার পরিবারকে সান্ত্বনা দেবেন তারা। এছাড়া ভোটের দিন ক্ষতিগ্রস্ত নির্বাচনী এলাকা পরিদর্শন করবেন ঐক্যফ্রন্টের নেতারা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের বাসায় জোটের স্টিয়ারিং কমিটির বৈঠকে জাতীয় সংলাপসহ তিন কর্মসূচি করার সিদ্ধান্ত নেন ঐক্যফ্রন্ট নেতারা। এরই অংশ হিসেবে ভোটের দিন ক্ষতিগ্রস্ত নির্বাচনী এলাকা পরিদর্শনে সিলেটে এসেছেন ঐক্যফন্টের শীর্ষ এ নেতারা।

Share





Related News

Comments are Closed