Main Menu

৭দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে খাসিয়াদের গুলিতে নিহত নুরু মিয়া (৩৫) নামের এক বাংলাদেশির লাশ ৭ দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (১৩ জানুয়ারি) বেলা ৩টায় ভারতীয় বিএসএফ ও বাংলাদেশী বিজিবির উচ্চ পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি ফেরত দেওয়া হয়। বাঁশতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা লাশটি গ্রহণ করে দোয়ারাবাজার থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন বাঁশতলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. দেলোয়ার হোসেন, দোয়ারাবাজার থানার এসআই সজিব দত্ত এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন চেলা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি শ্রী বিপুর সাইকা, মোশারাম থানার এমটিসি সাংমা।

এর আগে গত ৭ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে দোয়ারাবাজারের বাঁশতলা সীমান্তের ১২৩১ সীমান্ত পিলার দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে নুরু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে খাসিয়ারা বাংলাদেশী এই লাশটি ভারতীয় বিএসএফর নিকট হস্তান্তর করেন।

উল্লেখ্য, নিহত নুরু মিয়া সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কলোনী গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে।

Share





Related News

Comments are Closed