কোম্পানীগঞ্জে গর্ত ধসে শ্রমিক নিহত, আটক ১
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলনের গর্ত ধসে মাটি চাপায় ফরিদ উদ্দিন নামের এক শ্রমিক নিহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই মামলা দায়ের করেন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. স্বপন মিয়া।
মামলায় টিলা কাটার শ্রমিক নিযুক্তকারী হিসেবে পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া মাঝপাড়া গ্রামের মৃত তেরা মিয়া চৌধুরীর ছেলে দেলোয়ার চৌধুরী, মামুন চৌধুরী ও হাসনু চৌধুরীসহ অজ্ঞাতনামা আরও আটজনকে আসামি করা হয়েছে।
এদিকে, শাহ আরেফিন টিলা এলাকায় শুক্রবার বিকালে কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় শাহ্ আরেফিন টিলা সংলগ্ন ‘চালানঘাট’ নামক স্থানে পাথর বহনকারী মিনি ট্রাক ও ট্রলির চালকদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায়ের অভিযোগে ছনবাড়ি গ্রামের মকবুল হোসেন উরফে চাঁন মিয়াকে (৫৩) আটক করা হয়। শনিবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমদ বাদী হয়ে শুক্রবার অপর একটি মামলা করেন। মামলায় ধৃত মকবুল হোসেনসহ কাঁঠালবাড়ি গ্রামের জিয়াদ আলী (৬০) কে আসামী করা হয়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ জসিম উদ্দিন জানান, শ্রমিক নিহতের ঘটনায় তিনজনের নামোল্লেখ করে হত্যা মামলা হয়েছে। এছাড়া এসিল্যান্ড মহোদয়ের আদেশের প্রেক্ষিতে চাঁদাবাজির অভিযোগে পৃথক আরেকটি মামলা হয়েছে। এ মামলার আসামী মকবুল হোসেনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা জানান, ঝুঁকিপূর্ণ উপায়ে পাথর তুলতে গিয়ে দুর্ঘটনা ঘটছে। মারা যাচ্ছে শ্রমিক। বিপর্যস্ত হচ্ছে পরিবেশ। এসব কারণে আদালতের নিষেধাজ্ঞাও জারি আছে। তবুও টিলা কেটে, গর্ত খুঁড়ে পাথর উত্তোলন চালিয়ে যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। অবৈধ পাথর উত্তোলনকারী এবং চাঁদাবাজির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed