বিকল্পধারায় যোগ দিলেন শমসের মবিন চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী একিউএম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন বিকল্প ধারায় যোগ দিয়েছেন। এছাড়াও বিএনপির সাবেক প্রতিমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ ও এরশাদ সরকারের সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলনও বিকল্পধারায় যোগ দেন।
শুক্রবার (২৬ অক্টোবর) বিকল্প যুবধারার বিশেষ কাউন্সিল অনুষ্ঠানে বি চৌধুরীর হাতে ফুল দিয়ে তারা তার দলে যোগদান করেন।
বিএনপি প্রতিষ্ঠাকালে বি চৌধুরী যেমন মহাসচিব ছিলেন, তেমনি ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন গোলাম সারোয়ার মিলন। পরে জাতীয় পার্টিতে যোগ দিয়ে তিনি মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে সংসদ সদস্য হয়েছিলেন, এরশাদ সরকারে প্রতিমন্ত্রী হন তিনি। বিজিএমইএ’র সাবেক পরিচালক, এফবিসিসিআই’র সদস্য মিলন অনেক দিন নিষ্ক্রিয় থাকার পর জরুরি অবস্থার সময় ফেরদৌস আহমেদ কোরেশীর গড়া পিডিপিতে সক্রিয় হয়েছিলেন। পরে আবার রাজনীতির অঙ্গনে নিষ্ক্রিয় হয়ে যান তিনি।
যশোরের নাজিম উদ্দিন আল আজাদ চারদলীয় জোট সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন। বিএনপি ছাড়ার পর এতদিন নাজমুল হুদার সঙ্গে ছিলেন তিনি।
সাবেক সচিব শমসের মবিন চৌধুরী চাকরি থেকে অবসর নিয়ে বিএনপিতে সক্রিয় হলেও বেশ কয়েকটি মামলার আসামি হওয়ার পর ২০১৫ সালের অক্টোবরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিঠি দিয়ে দল থেকে অব্যাহতি নেন। তখন রাজনীতিই ছাড়ার কথা জানিয়েছিলেন তিনি।
সিদ্ধান্ত বদলের বিষয়ে শমসের মবিন শুক্রবারা বিকল্প ধারার অনুষ্ঠানে বলেন, “তিন বছর আগে রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত নেওয়ার সময় আমি বলেছিলাম, আবার রাজনীতিতে ফিরব, যদি কেউ মুক্তিযুদ্ধের ও বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এগিয়ে আসে তবে আমি যোগ দেব।
“আমি বি চৌধুরীর সাহসী ও দেশপ্রেমিক নেতৃত্বে যোগ দিয়েছি সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও স্বাভাবিক বাংলাদেশ গঠনে নিজেদের অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য।”
২০ দল ছেড়ে আসা ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজা, ও লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদীও বিকল্প ধারার সঙ্গে একাত্মতা জানিয়েছেন।
উল্লেখ্য, বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০১-২০০৫ সাল পর্যন্ত শমসের মবিন চৌধুরী পররাষ্ট্র সচিবের দায়িত্বে ছিলেন । যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দুই বছর চাকরি মেয়াদ শেষে করে ২০০৮ সালে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিএনপিতে যোগ দেন শমসের মবিন চৌধুরী। সে সময় চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পান তিনি।
২০০৯ সালে বিএনপির কাউন্সিল হলে শমসের মবিনকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়। ২০১৫ সালে নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন শমসের মবিন চৌধুরী। পরে আদালত তাকে জামিনে মুক্তি দেয়। এরপর ব্যক্তিগত কারণ দেখিয়ে রাজনীতি থেকে অবসর নেন তিনি।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed