Main Menu

শাবিপ্রবিতে এ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সহ সিলেট শহরের ৩৫টি কেন্দ্রে এ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী আবেদন করেছে। বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৭০৩টি আসনের বিপরীতে এবার আবেদন করেছে ৭৬ হাজার ১৭৯ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ৪৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।

এবার ইউনিট ভিত্তিক এ ইউনিটে পৃথকভাবে ২৮৮৪৯ জন, বি১ ইউনিটে ৪৩৯৪০ জন এবং বি২ ইউনিটে ৩৩৯০ জন আবেদন করেছে।

এদিকে দুপুর আড়াই টায় বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে, শিক্ষার্থীদেরকে অবশ্যই ২টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে বলে জানান ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমদ।

অপরদিকে ‘ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। শিক্ষার্থীরা পরীক্ষার হলে শুধু মাত্র নির্দিষ্ট ক্যালকুলেটর নিয়ে আসতে পারবে। অন্য কোনো ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ।

পরীক্ষা চলাকালীন সময়ে ক্যাম্পাসে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছে সংশ্লিষ্ট প্রশাসন। এছাড়া কোনো ধরনের ব্যানার, পোস্টার, লিফলেট, বুকলেট ও বোর্ড কোথাও লাগানো ও বিতরণ করা যাবে না। পরীক্ষা চলাকালীন সিলেট নগরীতে দুটি মোবাইল কোর্ট কাজ করছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস কয়েকটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন।

পরীক্ষার সার্বিক বিষয়ে উপাচার্য বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপস্থিতি সন্তোষজনক ছিল বলে জানান উপাচার্য।

Share





Related News

Comments are Closed