Main Menu

বিশ্বনাথে ধান ক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে নিখোঁজের একদিন পর ইউসুফ আলী (৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার দশঘর ইউনিয়নের শিক্ষা নোয়াগাঁও (ছিক্কা) গ্রামের মৃত মন্তাজ আলীর পুত্র।
বুধবার দুপুরে গ্রামের পার্শ্ববর্তী ধানী জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাঁর মৃত্যুকে ঘিরে সৃষ্টি হয়েছে নানা রহস্যের। পরিবারের দাবি ইউসুফ আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম, থানার ওসি শামসুদ্দোহা পিপিএম ও পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ।
জানা গেছে, গত শনিবার সকালে বাড়ির সীমানা নিয়ে ইউসুফ আলীর দুই ভাই মুক্তা আলী ও মুুছন আলীর মধ্যে পূর্ব বিরোধের জের ধরে গত ৬ অক্টোবর মারামারি হয়। ওই ঘটনায় ৮ অক্টোবর মুক্তার আলীর স্ত্রী জোনাকী বেগম বাদী হয়ে ইউসুফের স্ত্রী শাহারুন নেছাসহ ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। উক্ত মামলার তদন্তে মঙ্গলবার বিকেলে থানার এসআই নবী হোসেন ইউসুফ আলীর বাড়িতে যান। এসময় ইউসুফ গোপনে ঘরেই অবস্থান করছিলেন। পুলিশ চলে আসার পর ইউসুফ আলী মাগরিবের নামাজ আদায় করে ঘর থেকে বের হলে আর বাড়িতে ফিরে আসেননি । অনেক খোঁজাখুঁজির পর বুধবার সকালে গ্রামের পার্শ্ববর্তী ধানী জমিতে তার লাশ দেখতে পান লোকজন। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
এদিকে ঘটনার পর থেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যান মুক্তার আলীর পরিবারের লোকজন। এতে করে ইউসুফ আলীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
ইউসুফ আলীর স্ত্রী শাহারুন নেছা দাবি করছেন পূর্বশক্রতার জের তার স্বামী ইউসুফ আলীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, লাশ উদ্ধার করে সুরতহালের পর ময়না তদন্তের জন্যে সিলেট ওসমানী মেডিকল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।

Share





Related News

Comments are Closed